রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে বৈঠকে বিএনপির সংসদীয় দল
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৭:০৫ পিএম
ছবি : সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দল বিএনপির সংসদ সদস্যরা। সংসদীয় দলের এই বৈঠকে রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত রয়েছেন।
বুধবার (১৯ আগস্ট) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সংসদ ভবনের সভাকক্ষে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ হবে। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট চলবে। দীর্ঘ ৩৫ বছর পর এবার রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী থাকায় ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন।
এবারের নির্বাচনে বিএনপি ও সমমনা দলগুলোর মনোনীত প্রার্থী হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে জামায়াতসহ ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ।
আরও পড়ুন: নিরাময়কেন্দ্রেই বন্দিশালা, তমিজীকে নিয়ে হারুনের বিস্ফোরক তথ্য
রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন সংসদ সদস্য। সর্বশেষ ১৯৯১ সালের ৮ অক্টোবর সংসদ ভবনের সভাকক্ষে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট অনুষ্ঠিত হয়েছিল।
ওই নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন আব্দুর রহমান বিশ্বাস এবং আওয়ামী লীগের প্রার্থী ছিলেন বদরুদ্দোজা চৌধুরী। আওয়ামী লীগের প্রার্থীকে ৯২ ভোটে পরাজিত করে আব্দুর রহমান বিশ্বাস ১৭২ ভোট পেয়ে ১১তম রাষ্ট্রপতি নির্বাচিত হন।
