×

জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচন

সংসদে ভোট দিচ্ছেন এমপিরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০২:৪৬ পিএম

সংসদে ভোট দিচ্ছেন এমপিরা

ছবি : সংগৃহীত

দীর্ঘ প্রায় ৩৫ বছর পর আবারও জাতীয় সংসদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টায় সংসদ ভবনের সংসদ কক্ষে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত।

ভোটগ্রহণের শুরুতেই ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা ভোট দিতে সংসদ কক্ষে প্রবেশ করেন।

এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ। মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোটার হিসেবে রয়েছেন। তবে অসুস্থতার কারণে দেশের বাইরে থাকায় বিএনপির সংসদ সদস্য মির্জা আব্বাস ভোট দিতে পারছেন না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

আরও পড়ুন: নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন কবে, যা জানা গেল

সংসদে বিএনপির ২৪৭ জন সদস্য থাকায় সংখ্যার হিসাবে মির্জা ফখরুলের জয় অনেকটাই নিশ্চিত। তবে একাধিক প্রার্থী থাকায় আইন অনুযায়ী ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

সংসদ সদস্য হওয়ায় মির্জা ফখরুল নিজেও ভোট দিতে পারবেন। অন্যদিকে সংসদ সদস্য না হওয়ায় অলি আহমদের ভোট দেওয়ার সুযোগ নেই।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গোপন নয়। সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসে ব্যালটের মাধ্যমে ভোট দেবেন। পছন্দের প্রার্থীর নামের পাশে নির্ধারিত স্থানে পূর্ণ নাম লিখে স্বাক্ষর করতে হবে।

বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর সংসদ কক্ষেই ভোট গণনা শুরু হবে। গণনা শেষে নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ফলাফল ঘোষণা করবেন। এরপর নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করা হবে।

এর আগে গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তার আগে ২৪ জুলাই আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। পদটি শূন্য হওয়ার পর সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা তৈরি হয়।

আরও পড়ুন: নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, জেনে নিন

১৯৯১ সালে সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর প্রথমবার সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর টানা সাতজন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ভোটের প্রয়োজন হয়নি। এবার বিরোধী জোট প্রার্থী দেওয়ায় প্রায় ৩৫ বছর পর আবারও ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

ভোটের ফল ঘোষণার পর শুক্রবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ নেওয়ার কথা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামালপুরে চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড

জামালপুরে চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড

ভোট দিলেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা

রাষ্ট্রপতি নির্বাচন ভোট দিলেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা

কলকাতার হোটেলেগুলোতে নেই অগ্নি নিরাপত্তা, ঝুঁকিতে বাংলাদেশিরা

কলকাতার হোটেলেগুলোতে নেই অগ্নি নিরাপত্তা, ঝুঁকিতে বাংলাদেশিরা

মির্জা আব্বাসের ভোট কে দেবে?

রাষ্ট্রপতি নির্বাচন মির্জা আব্বাসের ভোট কে দেবে?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App