পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১০:০৮ পিএম
ছবি : সংগৃহীত
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো বা পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তবে নতুন পে স্কেল কবে থেকে এবং কত ধাপে কার্যকর হবে, সে বিষয়ে মন্ত্রিসভার সিদ্ধান্তের পর চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পে স্কেল নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।
রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রক্রিয়ায় ইতোমধ্যে দুটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হয়েছে। সাধারণত পে স্কেল প্রণয়নে তিনটি পর্যায়ে কাজ করা হয়।
তিনি জানান, প্রথম পর্যায়ে পে সার্ভিস কমিশন, সশস্ত্র বাহিনীর ক্ষেত্রে সংশ্লিষ্ট পে কমিটি এবং বিচার বিভাগের জন্য জুডিশিয়াল পে কমিশন প্রতিবেদন দেয়। এসব প্রতিবেদনের মধ্যে প্রথম দুটির বিষয় সচিব কমিটি পর্যালোচনা করে সুপারিশ দিয়েছে।
বিচার বিভাগের পে স্কেল প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এ বিষয়ে মন্ত্রিপরিষদ গঠিত একটি কমিটি কাজ করছে। কমিটির প্রথম সভাও অনুষ্ঠিত হয়েছে। দেশের বাস্তবতা, বিষয়টির সংবেদনশীলতা এবং সাংবিধানিক বাধ্যবাধকতা বিবেচনায় নিয়ে কমিটি প্রতিবেদন দেবে। এর মাধ্যমে পে স্কেল প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ শেষ হবে।
আরও পড়ুন: নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
এরপর তৃতীয় পর্যায়ে সংশ্লিষ্ট প্রস্তাবগুলো মন্ত্রিসভায় পর্যালোচনা করা হবে। কোন বিষয় কখন থেকে এবং কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে মন্ত্রিসভার বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
নতুন পে স্কেল বাস্তবায়নে অতিরিক্ত অর্থের সংস্থান কীভাবে হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, অভ্যন্তরীণ সম্পদ আহরণ বাড়ানোর পাশাপাশি প্রয়োজন হলে সরকার ঋণও নিতে পারে।
তবে পে স্কেল বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থের জন্য ঋণ নেওয়াকে তিনি বড় সমস্যা হিসেবে দেখছেন না বলেও জানান প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা।
