×

জাতীয়

তথ্যমন্ত্রী

‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ পিএম

‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’

সংসদ ভবনের এলডি হলে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত সেমিনারে বক্তব্য দেন তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান। ছবি: সংগৃহীত

দেশের উন্নয়ন ও অগ্রগতিকে টেকসই করতে ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান।

তিনি বলেন, ‘আমরা যদি ভালো রাজনীতিবিদ তৈরি করতে না পারি, তাহলে আমরা যে স্বপ্নের কথাই বলি না কেন, তা টেকসই হবে না।’

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সংসদ ভবনের এলডি হলে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিডিজেএ) আয়োজিত ‘আগামীর বরিশাল বিভাগ: সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

আন্দালিভ রহমান বলেন, ‘এখন আমরা এমন একটা জায়গায় চলে আসছি, কোয়ালিটি ডেভেলপমেন্ট যদি আনতে হয়, তাহলে ভালো মানুষদের নেতৃত্বে আসতে হবে।’

আরও পড়ুন: তারা মুখে বলে ‘বন্ধু’: ভারতকে নিয়ে চিফ হুইপ

তিনি বলেন, গত ১৭ বছরে দেশে নেতৃত্বের বড় ধরনের সংকট তৈরি হয়েছে। ভালো ও মেধাবী তরুণদের একটি বড় অংশ রাজনীতি থেকে দূরে সরে গেছে। একই সঙ্গে রাজনীতিবিদদের প্রতি সাধারণ মানুষের মধ্যে এক ধরনের অনাস্থাও তৈরি হয়েছে। এমনকি অনেক রাজনীতিবিদের সন্তানও রাজনীতিতে আসতে আগ্রহী নন।

তথ্যমন্ত্রী বলেন, রাজনীতি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো উপাদান থাকলেও দক্ষ বাবুর্চি ছাড়া যেমন ভালো খাবার তৈরি করা সম্ভব নয়, তেমনি ভালো মানুষ নেতৃত্বে না এলে উন্নয়ন ও অগ্রগতির সুফল দীর্ঘস্থায়ী করা সম্ভব নয়।

বরিশালের ঐতিহ্য ও অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, ফুটবল থেকে রাজনীতি—বিভিন্ন ক্ষেত্রে বরিশাল ও এ অঞ্চলের মানুষ দেশের নেতৃত্ব দিয়েছেন। পাকিস্তান আমল থেকে বাংলাদেশের স্বাধীনতার পর পর্যন্ত এ অঞ্চল থেকে বহু গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা উঠে এসেছেন এবং দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তিনি বলেন, বরিশালকে সত্যিকার অর্থে স্বপ্নের নগরী ও স্বপ্নের শহরে পরিণত করতে হলে আগামী দিনে যোগ্য ও ভালো রাজনীতিবিদ তৈরি করতে হবে। এ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আন্দালিভ রহমান বলেন, বরিশালের আশপাশের সব নির্বাচনী এলাকা ও জেলাগুলো থেকে মেধাবী ও যোগ্য তরুণ-তরুণীদের রাজনীতিতে আসতে উৎসাহিত করতে হবে। একই সঙ্গে তাদের রাজনীতিতে আসার জন্য অনুকূল পরিবেশও তৈরি করতে হবে।

তিনি বলেন, ‘আমরা যদি আগামী প্রজন্মের জন্য ভালো রাজনৈতিক নেতৃত্ব তৈরি করতে না পারি, তাহলে কোনো ধরনের উন্নয়নই টেকসই হবে না। এটা শুধু বরিশালের সমস্যা নয়, সারা বাংলাদেশেই এই সংকট রয়েছে।’

আরও পড়ুন: ‘স্থানীয় নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই’

অবকাঠামো উন্নয়ন, গ্যাস সরবরাহ ও শিল্পায়নকে উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, এসবের পাশাপাশি এখন দেশের প্রয়োজন মানসম্মত ও টেকসই উন্নয়ন। আর সে জন্য ভালো ও যোগ্য মানুষকে নেতৃত্বে আসতে হবে।

বর্তমানে যারা রাজনীতিতে রয়েছেন, তাদের দায়িত্ব পরবর্তী প্রজন্মের যোগ্য ও মেধাবীদের রাজনীতিতে আসার পথ তৈরি করা—এমন মন্তব্য করে তিনি বলেন, তরুণদের রাজনীতিতে উৎসাহিত করার পাশাপাশি তাদের জন্য রাজনৈতিক পরিবেশ সহজ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে হবে।

মন্ত্রী বলেন, ‘আমরা হয়তো অনেক কিছু তৈরি করে যেতে পারব, কিন্তু ভালো নেতৃত্ব তৈরি করতে না পারলে সেগুলো ধরে রাখা সম্ভব হবে না। তাই এ বিষয়গুলোতে আমাদের গুরুত্ব দিতে হবে।’

বরিশাল থেকে শেরেবাংলা এ কে ফজলুল হকসহ অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা উঠে এসেছেন উল্লেখ করে আন্দালিভ রহমান বলেন, ভবিষ্যতেও এ অঞ্চল থেকে যোগ্য, সৎ ও দক্ষ নেতৃত্ব সামনে আসতে হবে।

তিনি বলেন, তরুণরা ডাক্তার, প্রকৌশলী, আইনজীবী বা সফটওয়্যার প্রকৌশলী হওয়ার পাশাপাশি বিদেশে যাওয়ার সুযোগ খুঁজছেন। তবে দেশের সবচেয়ে মেধাবী ও শিক্ষিত তরুণদের কেউ যদি রাজনীতিতে এসে দেশ পরিবর্তনের প্রত্যয় ব্যক্ত করেন, সেটিই হতে পারে ইতিবাচক পরিবর্তনের সূচনা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যেভাবে বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুথিরা

যেভাবে বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুথিরা

মায়ের কবরে চিরনিদ্রায় শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম

মায়ের কবরে চিরনিদ্রায় শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম

বরিশালে সমকাল অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার

বরিশালে সমকাল অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার

অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App