পুতুলের ওই পদে দায়িত্ব পালনের মতো যোগ্যতা ছিল না: হুমায়ুন কবির
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পিএম
ছবি : সংগৃহীত
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সাবেক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলের নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তাঁর দাবি, ওই পদে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা পুতুলের ছিল না। পাশাপাশি তার নিয়োগ প্রক্রিয়ায় ত্রুটি ছিল এবং সেখান থেকে দুর্নীতির অভিযোগের গন্ধ পাওয়া গেছে বলে মন্তব্য করেন তিনি।
ডব্লিউএইচওর পরবর্তী নিয়োগে মালদ্বীপের প্রার্থীকে বাংলাদেশ সমর্থন দেবে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
রোববার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন হুমায়ুন কবির।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সফরকালে বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন ও অগ্রাধিকার তুলে ধরা হবে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি বলেন, নিউইয়র্ক সফরে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর একাধিক দ্বিপক্ষীয় বৈঠক হবে। পাশাপাশি অনুষ্ঠিত হবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাইডলাইন বৈঠক। এসব আলোচনায় বাংলাদেশের নতুন ভিশন তুলে ধরার পাশাপাশি দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে।
ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, দিল্লির সঙ্গে একটি নতুন ও কার্যকর সম্পর্ক গড়ে তুলতে চায় বাংলাদেশ।
সীমান্ত হত্যা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ এবং এ-সংক্রান্ত জটিলতার সমাধান কূটনৈতিক চ্যানেলে আলোচনার মাধ্যমেই করা হবে।
যুক্তরাষ্ট্র সফরে রোহিঙ্গা সংকট নিয়ে একটি বিশেষ সাইডলাইন বৈঠক আয়োজনের কথাও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি বলেন, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকগুলোতে রোহিঙ্গা সংকটকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সংকট সমাধানে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান ও প্রত্যাশার বিষয়টি তুলে ধরা হবে।
বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার বিষয়ে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ থেকে অবৈধভাবে পাচার করা অর্থ ফেরত আনতে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আন্তর্জাতিক সহযোগিতা নেওয়ার প্রক্রিয়াও চলছে।
