×

জাতীয়

এমপিওভুক্ত শিক্ষকরাও কী নির্বাচনে অংশ নিতে পারবে?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পিএম

এমপিওভুক্ত শিক্ষকরাও কী নির্বাচনে অংশ নিতে পারবে?

ছবি : সংগৃহীত

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আগে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন সংশোধন নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে সরকার এ-সংক্রান্ত সংশোধনী বিল উত্থাপন না করায় শিগগিরই আইনটি সংশোধনের সম্ভাবনা কম বলে মনে করছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সূত্রে জানা গেছে, প্রথম ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার আগে জাতীয় সংসদের আর কোনো অধিবেশন বসার সম্ভাবনা নেই। ফলে এ সময়ের মধ্যে সংশোধনী বিল পাস হওয়ার সুযোগও সীমিত। একই সঙ্গে সংসদ কার্যকর থাকা এবং শক্তিশালী বিরোধী দল মাঠে থাকায় রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে অধ্যাদেশের মাধ্যমে আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হবে কি না, তা নিয়েও সংশয়ে রয়েছে কমিশন।

এ অবস্থায় প্রথম ধাপের ভোটের আগে প্রস্তাবিত সংশোধনী পাস না হলে সরকারকে চিঠি দেওয়ার কথা ভাবছে ইসি। ওই চিঠিতে ইউপি নির্বাচনের সব ধাপ শেষ হওয়ার আগে আইনটি সংশোধন না করার অনুরোধ জানানো হতে পারে। রোববার (১৩ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনারদের মধ্যে এ বিষয়ে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে।

ইসির একাধিক কর্মকর্তা জানান, সংশোধনী পাস না হলে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বক্ষণিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী এবং দ্বৈত নাগরিকদের ইউপি নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে অযোগ্য ঘোষণা করার আইনগত সুযোগ নেই।

তাদের ব্যাখ্যা, স্থানীয় সরকার-সংক্রান্ত আইনগুলোতে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারীর পদকে ‘লাভজনক পদ’ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়নি। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালার ১১.১৭(ক) ও (খ) অনুচ্ছেদ অনুযায়ী, কোনো এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী একই সময়ে একাধিক পদ, চাকরি বা আর্থিকভাবে লাভজনক কোনো পদে নিয়োজিত থাকতে পারেন না।

তবে ওই নীতিমালায় লাভজনক পদের যে সংজ্ঞা দেওয়া হয়েছে, সেখানে স্থানীয় সরকারের কোনো পদকে অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে বর্তমান আইনি কাঠামোয় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ইউপি নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে সরাসরি বাধা নেই বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ ছাড়া রিট পিটিশন নং ৬৩৬৬/২০০৯-এর মামলায় হাইকোর্ট বিভাগ পৌরসভার মেয়র পদকে ‘লাভজনক পদ’ হিসেবে ব্যাখ্যা করেননি। একই সঙ্গে স্থানীয় সরকারের অন্যান্য পদকে লাভজনক পদ হিসেবে নির্বাচন কমিশনের ব্যাখ্যা দেওয়ার এখতিয়ার নিয়েও আদালত পর্যবেক্ষণ দিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, “আমরা সব নির্বাচনের জন্য একই আইন চাই। এক নির্বাচনে এক ধরনের আইন, আরেক নির্বাচনে অন্য ধরনের আইন প্রণয়ন করা হলে বৈষম্য তৈরি হবে। সাধারণ মানুষের মনে প্রশ্নের সৃষ্টি হবে।”

এদিকে ইউপি নির্বাচনের প্রস্তুতিও এগিয়ে নিচ্ছে ইসি। নির্বাচন কর্মকর্তা ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তথ্য যাচাই করে নির্বাচন উপযোগী ইউনিয়ন পরিষদের তালিকা তৈরি করেছে ইসি সচিবালয়।

দেশের মোট ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৪ হাজার ২০০টির বেশি ইউপি নির্বাচন উপযোগী হিসেবে চিহ্নিত হয়েছে। এর মধ্যে সেপ্টেম্বরেই ভোট আয়োজনের উপযোগী ইউনিয়নের সংখ্যা ৩ হাজার ৯০০-এর বেশি। প্রায় ৫০০ ইউনিয়ন পরিষদের বর্তমান পরিষদের মেয়াদও শেষ হয়ে গেছে।

এবার একটি উপজেলার নির্বাচন উপযোগী সব ইউনিয়ন পরিষদে একই দিনে ভোট নেওয়ার পরিকল্পনা করছে কমিশন। প্রথম ধাপে ৫০০ থেকে ৭০০ এবং দ্বিতীয় ধাপে ৯০০ থেকে ১ হাজার ইউপিতে ভোটগ্রহণের বিষয়ে আলোচনা চলছে। পরবর্তী ধাপগুলোতে তুলনামূলক কম সংখ্যক ইউনিয়ন পরিষদ রাখা হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

না ফেরার দেশে অভিনেতা মুকুল জামিল

না ফেরার দেশে অভিনেতা মুকুল জামিল

সৌদির এক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা

সৌদির এক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা

মাদক উদ্ধারে গিয়ে আহত ৩ পুলিশ সদস্য

মাদক উদ্ধারে গিয়ে আহত ৩ পুলিশ সদস্য

স্ত্রীর মাথা কেটে রেখে দেন ফ্রিজে, অতঃপর

স্ত্রীর মাথা কেটে রেখে দেন ফ্রিজে, অতঃপর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App