স্থানীয় সরকার নির্বাচনের সময় জানালেন ইসি
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পিএম
ছবি : সংগৃহীত
আগামী বছরের ৬ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শেষ করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। এ লক্ষ্যে যত দ্রুত সম্ভব ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচন কমিশনে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ইসি সানাউল্লাহ।
তিনি বলেন, আন্তঃমন্ত্রণালয় সভায় দুটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে—জাতীয় সংসদের একটি উপনির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন। এ সময় নির্বাচন আয়োজনের বিষয়ে কমিশনের তৈরি করা খসড়া পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্টদের মতামত নেওয়া হয়েছে।
ইসি সানাউল্লাহ জানান, জাতীয় সংসদ নির্বাচনে যেসব প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনেও সেসব প্রযুক্তি ব্যবহার করা হবে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী বছরের ৬ জুন এইচএসসি পরীক্ষা শুরুর আগেই নির্বাচন শেষ করতে হবে। আন্তঃমন্ত্রণালয় সভায় শিক্ষা, পরীক্ষার সময়সূচি এবং বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের বিষয়সহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, বন্যার কারণে অনেক শিক্ষার্থী ক্ষতির মুখে পড়েছে এবং তারা এখনো তা কাটিয়ে ওঠার চেষ্টা করছে। পাশাপাশি নির্বাচনী কাজে প্রশিক্ষণসহ বিভিন্ন দায়িত্ব পালনের জন্য শিক্ষকদেরও প্রয়োজন হয়। একজন শিক্ষককে এসব কাজে অন্তত এক সপ্তাহের জন্য প্রয়োজন হতে পারে। এসব বিষয় বিবেচনায় নিয়ে জুনের আগেই স্থানীয় সরকার নির্বাচন শেষ করার সিদ্ধান্ত হয়েছে।
ইসি সানাউল্লাহ আরও বলেন, নির্বাচন আয়োজনের আগে বাজেট পরিকল্পনাসহ বেশ কিছু কাজ সম্পন্ন করতে হবে। এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে শিগগিরই আরও এক-দুটি সভা অনুষ্ঠিত হবে। প্রয়োজনীয় কার্যক্রম শেষ করে যত দ্রুত সম্ভব ইউপি নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ জানিয়ে দেওয়া হবে।
