×

জাতীয়

শেষ ধাপে নবম পে-স্কেল, গেজেট হচ্ছে কবে?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পিএম

শেষ ধাপে নবম পে-স্কেল, গেজেট হচ্ছে কবে?

ফাইল ছবি

মন্ত্রিসভায় অনুমোদনের পর জাতীয় বেতন স্কেল-২০২৬-এর গেজেট প্রকাশের প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে। অর্থ মন্ত্রণালয়ের প্রস্তুত করা খসড়া আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে। ভেটিং শেষ হলে বাংলাদেশ সরকারি মুদ্রণালয় (বিজি প্রেস) থেকে মূল গেজেটের পাশাপাশি সংশ্লিষ্ট এসআরও জারি করা হবে। একই সঙ্গে নতুন বেতন কাঠামো কার্যকরের জন্য সরকারি বেতন-ভাতা ব্যবস্থাপনার সফটওয়্যার ‘আইবাস++’-এ প্রয়োজনীয় পরিবর্তনের কাজও চলছে।

অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে একটি মূল গেজেটের পাশাপাশি বিভিন্ন বাহিনী ও প্রতিষ্ঠানের জন্য পৃথক ৫ থেকে ৭টি এসআরও জারির প্রস্তুতি নেওয়া হয়েছে। এর মধ্যে বেসামরিক সরকারি কর্মকর্তা-কর্মচারী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), সশস্ত্র বাহিনী, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের জন্য পৃথক বাস্তবায়ন আদেশ থাকবে।

গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গে ‘আইবাস++’-এও প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। ২০১৫ সালের পে-স্কেল বাস্তবায়নের সময় এই সফটওয়্যার চালু ছিল না। এবার নতুন বেতন কাঠামো ধাপে ধাপে কার্যকর হওয়ায় আইবাস++-এ বেতন পুনর্নির্ধারণ বা ফিক্সেশন এবং নতুন হিসাব কাঠামো যুক্ত করা হচ্ছে। ইতোমধ্যে অবসরে যাওয়া প্রায় সোয়া ৯ লাখ কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংযোজন এবং পেনশনের স্তর সমন্বয়ের কাজও চলছে।

আরও পড়ুন: নতুন পে-স্কেলে আসছে যেসব পরিবর্তন

নতুন বেতন কাঠামোয় বিদ্যমান ২০টি গ্রেডই বহাল থাকছে। ২০তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে ১৪২ শতাংশ বাড়িয়ে ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে ১ম গ্রেডের নির্ধারিত মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে দ্বিগুণ করে ১ লাখ ৫৬ হাজার টাকা করা হয়েছে। এতে সর্বোচ্চ ও সর্বনিম্ন মূল বেতনের অনুপাত দাঁড়াবে ১:১.৭৮।

জাতীয় বেতন স্কেল-২০২৬ চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে। তবে সরকারি ব্যয়ের চাপ ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মূল বেতন ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরের মধ্যে তিন ধাপে বাস্তবায়ন করা হবে। অন্যান্য সুযোগ-সুবিধা ও ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।

নতুন কাঠামোয় বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য প্রতি মাসে ৩ হাজার টাকা প্রতিবন্ধী সন্তান ভাতা চালুর প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি সব গ্রেডের সরকারি কর্মচারীর জন্য মোবাইল ভাতার ব্যবস্থাও রাখা হচ্ছে।

পেনশনভোগীদের ক্ষেত্রেও ধাপে ধাপে সুবিধা বাড়ানোর সিদ্ধান্ত রয়েছে। নিট পেনশনের ওপর ভিত্তি করে ৯ হাজার টাকা বা তার কম পেনশনধারীদের ১০০ শতাংশ, ৯ হাজার ১ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ৭৫ শতাংশ, ২০ হাজার ১ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত ৬৫ শতাংশ, ৩০ হাজার ১ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত ৬০ শতাংশ এবং ৪০ হাজার ১ টাকার বেশি পেনশনধারীদের ৫৫ শতাংশ পর্যন্ত নিট পেনশন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

এ ছাড়া ২০৩০ সালের মধ্যে সামরিক ও বেসামরিক উভয় ক্ষেত্রে ‘এক গ্রেড এক পেনশন’ ব্যবস্থা চালুর প্রতিশ্রুতিও রয়েছে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, নতুন বেতন কাঠামোর ফলে প্রায় ২৪ লাখ কর্মরত সামরিক ও বেসামরিক কর্মকর্তা-কর্মচারী এবং সোয়া ৯ লাখ পেনশনভোগী সরাসরি উপকৃত হবেন। এ জন্য সরকারের বছরে অতিরিক্ত ব্যয় হবে আনুমানিক ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা।

গেজেট প্রকাশের পর সরকারি কর্মচারীদের নতুন স্কেলে বেতন ফিক্সেশন এবং বকেয়া পাওনা সমন্বয়ের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে। ফলে দীর্ঘ প্রতীক্ষিত নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ক্ষেত্রে গেজেট প্রকাশকেই এখন পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

শেষ ধাপে নবম পে-স্কেল, গেজেট হচ্ছে কবে?

শেষ ধাপে নবম পে-স্কেল, গেজেট হচ্ছে কবে?

হাসিনার আমলের চুক্তি পর্যালোচনা প্রসঙ্গে ভারতের বার্তা

হাসিনার আমলের চুক্তি পর্যালোচনা প্রসঙ্গে ভারতের বার্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App