জানুয়ারিতে হতে পারে ইউপি নির্বাচন: ইসি মাছউদ
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পিএম
ছবি : সংগৃহীত
আগামী বছরের জানুয়ারিতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
রোববার (২০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
ইসি মাছউদ বলেন, আগামী ১২ নভেম্বর থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রাথমিক সময়সূচি নির্ধারণ করা হয়েছিল। তবে বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে ওই সময়সূচি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
তিনি বলেন, নভেম্বর ও ডিসেম্বর মাসে স্কুল-কলেজের বিভিন্ন পরীক্ষা অনুষ্ঠিত হবে। পাশাপাশি ভোটকেন্দ্র ব্যবস্থাপনা এবং শিক্ষকদের নির্বাচনি দায়িত্ব পালনের বিষয়টিও রয়েছে। এসব কারণে ওই সময়ে ইউপি নির্বাচন আয়োজন করা সম্ভব হচ্ছে না।
ইসি মাছউদ জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনের তপশিল ঘোষণার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কমিশন। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আগামী বছরের জানুয়ারিতে নির্বাচন আয়োজনের সম্ভাবনা রয়েছে।
এদিকে, আগামী ২৩, ২৪ ও ২৫ সেপ্টেম্বর রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে নির্বাচন কমিশনের নির্ধারিত সংলাপও বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন ইসি মাছউদ।
