ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে যা বললেন নৌপরিবহন মন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ পিএম
ছবি : সংগৃহীত
ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে একটি দ্বিপাক্ষিক বৈঠক শেষে লঞ্চের ভাড়া বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, রেলের ভাড়া বাড়ানোর জন্য রেল মন্ত্রণালয় থেকে চাপ রয়েছে। ভাড়া না বাড়ালে রেলের লোকসান আরও বাড়বে। গত ১০ বছর ধরে রেলের ভাড়া বাড়ানো হয়নি বলেও উল্লেখ করেন তিনি।
শেখ রবিউল আলম বলেন, বর্তমান পরিস্থিতিতে রেলের ভাড়া বাড়ানোর চাপ থাকলেও এখনো এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি। জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতা রয়েছে। তাই ভাড়া না বাড়িয়ে বিদ্যমান পরিস্থিতি বজায় রাখার চেষ্টা করা হচ্ছে। আপাতত রেলের আগের ভাড়াই বহাল থাকছে।
রেলের ভাড়া না বাড়ানোর বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, শেষ পর্যন্ত ভাড়া বাড়ানোর প্রয়োজন হলে তা যৌক্তিক হারে বাড়ানো হবে।
লঞ্চের ভাড়া প্রসঙ্গে নৌপরিবহন মন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম ও পরিচালন ব্যয় বৃদ্ধিসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে নৌযান মালিকরা ১৫ শতাংশ ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছিলেন। তবে যাত্রীদের কথা বিবেচনা করে ভাড়া ৭ দশমিক ৫৪ শতাংশ বাড়ানো হয়েছে।
তিনি জানান, লঞ্চের সর্বনিম্ন ভাড়া ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
শেখ রবিউল আলম বলেন, ভাড়া বাড়ানো কাম্য নয়। তবে বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া উপায় ছিল না। জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় রেখেই ভাড়া যতটা সম্ভব কম বাড়ানোর চেষ্টা করা হয়েছে।
