জানুয়ারিতে স্থানীয় নির্বাচনের আশা ইসি আনোয়ারুল ইসলামের
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ পিএম
ছবি : সংগৃহীত
বার্ষিক ও পাবলিক পরীক্ষার সময়সূচিসহ সার্বিক বাস্তবতা বিবেচনায় আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের আশা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে নির্বাচনের চূড়ান্ত সময়সূচি এখনো নির্ধারণ করা হয়নি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে স্থানীয় সরকার নির্বাচন, উপনির্বাচনসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার এ কথা জানান।
তিনি বলেন, পাবলিক পরীক্ষার সময়সূচি এড়িয়ে পরবর্তী সময়ে নির্বাচন আয়োজনের বিষয়টি কমিশন গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। মূলত স্কুল-কলেজের বার্ষিক পরীক্ষা থাকায় নভেম্বর-ডিসেম্বরে নির্বাচন আয়োজন করা কঠিন। আশা করা হচ্ছে, জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া শুরু করা যাবে।
ইসি আনোয়ারুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে একটি সম্ভাব্য সময়সূচি বিবেচনা করা হয়েছিল। পরে দেখা যায়, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা শুরু হচ্ছে। এর মধ্যে বন্যার কারণে শিক্ষার্থীদের পরীক্ষা ও অন্যান্য একাডেমিক কার্যক্রমও পিছিয়ে যাওয়ার বাস্তবতা তৈরি হয়েছে।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের সময় নির্ধারণের ক্ষেত্রে রমজান, ঈদ, দুর্গাপূজা, এসএসসি ও এইচএসসি পরীক্ষাসহ সার্বিক বিষয় বিবেচনায় নিচ্ছে কমিশন।
নির্বাচনের তারিখ পেছানোর ক্ষেত্রে সরকারের কোনো প্রভাব রয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, সরকারের কোনো চাপে নির্বাচন কমিশন তারিখ পেছায়নি। বাস্তবতা, আইনি বাধ্যবাধকতা ও সংবিধানের আলোকে কমিশন নির্বাচন আয়োজনের উপযুক্ত সময় ও কর্মসূচি নির্ধারণ করে।
এর আগে কমিশনের পক্ষ থেকে স্থানীয় সরকার নির্বাচনের কয়েকটি সম্ভাব্য ধাপের সময় নিয়ে আলোচনা হলেও সেগুলো চূড়ান্ত নয় বলে জানানো হয়েছিল।
