সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ পিএম
ফাইল ছবি
নতুন জাতীয় বেতনকাঠামো বাস্তবায়নের পর সরকারি চাকরিজীবীদের জন্য জিপিএফ ও সিপিএফ ফান্ডের মুনাফার হার নির্ধারণ করেছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরে তহবিলের স্থিতির পরিমাণ অনুযায়ী সর্বোচ্চ ১৩ শতাংশ হারে এই মুনাফা দেওয়া হবে।
সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি-১ শাখা থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মুনাফার হারবিন্যাস
প্রজ্ঞাপন অনুযায়ী, অর্থবছরের শুরুতে জিপিএফের স্থিতির ওপর ভিত্তি করে মুনাফা হিসাব করা হবে—
১৫ লাখ টাকা পর্যন্ত স্থিতি: ১৩ শতাংশ মুনাফা।
১৫ লাখ ১ টাকা থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত স্থিতি: ১২ শতাংশ মুনাফা।
৩০ লাখ টাকার বেশি স্থিতি: ১১ শতাংশ মুনাফা।
একই হারে অর্থবছরে নিয়মিত জমা হওয়া চাঁদার ওপরও এই মুনাফা প্রযোজ্য হবে। অন্যদিকে, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড (সিপিএফ) ভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থা ও করপোরেশনগুলো নিজস্ব আর্থিক বিধিবিধান মেনে মুনাফা প্রদান করতে পারবে, তবে সরকারের নির্ধারিত এই হারই সর্বোচ্চ সীমা হিসেবে গণ্য হবে।
নতুন পে-স্কেলের বেতন বৃদ্ধি
উল্লেখ্য, গত ১ জুলাই থেকে নতুন জাতীয় পে-স্কেল কার্যকর করে প্রজ্ঞাপন জারি করা হয়। এর আওতায় চলতি অর্থবছরের প্রথম ৬ মাস (জুলাই থেকে ডিসেম্বর) প্রথম থেকে নবম গ্রেডের কর্মচারীদের জন্য ৪০ শতাংশ এবং দশম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য ৫০ শতাংশ বর্ধিত বেতন কার্যকর রয়েছে। এছাড়া আগামী জানুয়ারি থেকে জুনের মধ্যে প্রথম থেকে নবম গ্রেডে ৭০ শতাংশ এবং দশম থেকে ২০তম গ্রেডে ৭৫ শতাংশ বর্ধিত বেতন কার্যকর হওয়ার কথা রয়েছে।
