×

জাতীয়

‘বাজেটের ৩০ শতাংশ পর্যন্ত যাকাত থেকে আদায় সম্ভব’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ পিএম

‘বাজেটের ৩০ শতাংশ পর্যন্ত যাকাত থেকে আদায় সম্ভব’

ছবি : সংগৃহীত

জাতীয় বাজেটের ৩০ শতাংশ পর্যন্ত অর্থ যাকাতের মাধ্যমে সংগ্রহ করা সম্ভব বলে মন্তব্য করেছেন সাবেক সচিব ও সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ আইয়ুব মিয়া। তিনি বলেন, একসময় রাষ্ট্রীয় কোষাগারের অন্যতম প্রধান অর্থের উৎস ছিল যাকাত। অথচ বর্তমানে এ বিষয়ে সরকারের কোনো কার্যকর উদ্যোগ নেই।

শনিবার রাজধানীর তেজগাঁওয়ে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের অডিটোরিয়ামে গ্লোবাল সোসাইটি ফর ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স (জিএসআইএফ) আয়োজিত ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্সের প্রাতিষ্ঠানিকীকরণ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

সেমিনারে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. মোহাম্মদ ওমর ফারুক বলেন, দেশে যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে প্রায় ২ লাখ ৩১ হাজার কোটি টাকা সংগ্রহ করা সম্ভব। এই অর্থ দেশের অর্থনীতি ও মোট দেশজ উৎপাদনে (জিডিপি) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

আলোচনায় বক্তারা বলেন, যাকাতকে সাধারণত ব্যক্তিগত ইবাদত হিসেবে দেখা হলেও এর অর্থনৈতিক ও সামাজিক গুরুত্ব রয়েছে। সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে যাকাতের অর্থ দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব।

তারা বলেন, দেশে বর্তমানে ৩ কোটি ৮৬ লাখ বেকার তরুণ রয়েছেন, যাদের বয়স ৩৫ বছরের মধ্যে। এসব তরুণকে দক্ষতা উন্নয়নের মাধ্যমে জনশক্তিতে পরিণত করা গেলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। একই সঙ্গে এর ইতিবাচক প্রভাব পড়বে দেশের অর্থনীতিতেও।

সেমিনারে ইসলামী সোশ্যাল ফাইন্যান্স ব্যবস্থাকে আরও শক্তিশালী করার বিভিন্ন দিক তুলে ধরেন জিএসআইএফের প্রেসিডেন্ট আবু ইউসুফ। আলোচনায় কর্জে হাসানা, ওয়াকফসহ ইসলামী সোশ্যাল ফাইন্যান্সের বিভিন্ন উপাদান কার্যকরভাবে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

বক্তারা মনে করেন, এসব ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশের দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান ড. জুবায়ের মোহাম্মদ এহসানুল হক, ইসলামী ব্যাংক বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর মাহবুবুল হকসহ দেশের বিশিষ্ট অর্থনীতিবিদরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী

প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলার দুঃসাহস কারা দেখায়, প্রশ্ন নাহিদের

প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলার দুঃসাহস কারা দেখায়, প্রশ্ন নাহিদের

‘বাজেটের ৩০ শতাংশ পর্যন্ত যাকাত থেকে আদায় সম্ভব’

‘বাজেটের ৩০ শতাংশ পর্যন্ত যাকাত থেকে আদায় সম্ভব’

চাঁদাবাজির অভিযোগ ঢালাও, সালমানের স্টুডিওর জমি নিয়ে বিরোধ ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজির অভিযোগ ঢালাও, সালমানের স্টুডিওর জমি নিয়ে বিরোধ ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App