×

জাতীয়

হাসিনার পাসপোর্ট জটিলতা নিয়ে যা বলছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পিএম

হাসিনার পাসপোর্ট জটিলতা নিয়ে যা বলছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা

ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পাওয়ার আবেদন ঘিরে পাসপোর্ট অধিদপ্তর ও নির্বাচন কমিশনে আলোচনা চলছে। তবে তিনি এসব নথি ফেরত পাবেন কি না, তা অনেকটাই নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের ওপর। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে আইনি জটিলতা থাকলেও জাতীয় পরিচয়পত্রের স্থগিতাদেশ প্রত্যাহার করা হলে সেটি পুনরায় সক্রিয় করা সম্ভব।

গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময়ে শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল এবং জাতীয় পরিচয়পত্রের নম্বর স্থগিত করা হয়। সম্প্রতি লন্ডনের আইনি প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ দিল্লির বাংলাদেশ দূতাবাসে পাঠানো এক চিঠিতে দাবি করেছে, বাংলাদেশের নাগরিক হিসেবে এবং আন্তর্জাতিক মানবাধিকার দলিল অনুযায়ী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার অধিকার রয়েছে।

তবে পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা এ বিষয়ে ১৯৭৩ সালের পাসপোর্ট আদেশের ৬ নম্বর অনুচ্ছেদের (ঙ) উপ-অনুচ্ছেদের কথা উল্লেখ করেছেন। ওই বিধান অনুযায়ী, কোনো আবেদনকারী বাংলাদেশের ফৌজদারি আদালতে বিচারাধীন মামলায় হাজিরা এড়ালে বা এড়ানোর চেষ্টা করলে কিংবা আদালতের নিষেধাজ্ঞা থাকলে তাঁর পাসপোর্ট বা ভ্রমণ দলিল ইস্যুর আবেদন প্রত্যাখ্যান করতে পারে কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রী থাকাকালে শেখ হাসিনা কূটনৈতিক মর্যাদার বিশেষ লাল পাসপোর্ট ব্যবহার করতেন। পরে সেটি বাতিল করা হয়। বর্তমানে তাঁর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় রয়েছে। এ ছাড়া আরও কয়েকটি মামলা বিচারাধীন। এসব বিষয় নতুন পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে আইনি জটিলতা তৈরি করতে পারে বলে মনে করছেন তাঁরা।

শেখ হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে সোমবার দিনভর আগারগাঁওয়ে পাসপোর্ট অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আলোচনা হয়। তবে বিষয়টি রাজনৈতিকভাবে স্পর্শকাতর হওয়ায় দায়িত্বশীল কর্মকর্তাদের কেউ প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হননি।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, শেখ হাসিনার পাসপোর্ট বা অন্য কোনো ভ্রমণ দলিল পাওয়ার বিষয়টি অনেকাংশে সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। এ ক্ষেত্রে আইনি ব্যাখ্যা-বিশ্লেষণ থাকলেও সরকারের অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

এ প্রসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার উদাহরণ টানেন এক কর্মকর্তা। তিনি বলেন, গুরুতর অসুস্থ অবস্থায় খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য একাধিকবার পাসপোর্টের আবেদন করা হলেও আওয়ামী লীগ সরকারের সময়ে তাতে সাড়া পাওয়া যায়নি। ২০২৩ সালের দিকে একবার ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেলেও পরে তা বাতিল করা হয়। ফলে শেষ পর্যন্ত পাসপোর্ট পাননি খালেদা জিয়া।

ওই কর্মকর্তা আরও উল্লেখ করেন, আওয়ামী লীগ সরকারের টানা ১৭ বছরে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের বহু নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁদের মধ্যে অনেকে বিভিন্ন মেয়াদে সাজাও পেয়েছেন। চিকিৎসা কিংবা হজ পালনের জন্য বিদেশ যেতে পাসপোর্ট চেয়েও অনেকে ব্যর্থ হন। তবে দীর্ঘ প্রচেষ্টার পর উচ্চ আদালতের আদেশে হাতেগোনা কয়েকজন পাসপোর্ট পেয়েছিলেন।

পাসপোর্ট অধিদপ্তরের উচ্চপর্যায়ের কয়েকজন কর্মকর্তা জানান, শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-এমপিদের পাসপোর্ট বাতিল করা হলেও তাঁরা আগের পাসপোর্ট ব্যবহার করে বিভিন্ন দেশে যাতায়াত করছেন বলে তাঁদের দাবি। তাঁদের ভাষ্য, বাংলাদেশের বাইরে অন্য দেশের অভিবাসন কর্তৃপক্ষের পক্ষে সাধারণত বাংলাদেশে কোনো পাসপোর্ট বাতিলের তথ্য জানা সম্ভব হয় না। তবে বাতিল পাসপোর্ট নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে গেলে বাধার মুখে পড়তে পারেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

শেখ হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, তিনি সত্যিই দেশে ফিরতে চাইলে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তির কথা উল্লেখ করে তিনি বলেন, ওই চুক্তির আওতায় ভারত সরকারের কাছে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার অনুরোধ জানানো যেতে পারে। দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করে সাজা ভোগ করার কথাও বলেন তিনি।

অন্যদিকে, শেখ হাসিনার জাতীয় পরিচয়পত্র ফিরে পাওয়ার আবেদন নিয়ে নির্বাচন কমিশন বা জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের কোনো কর্মকর্তা প্রকাশ্যে মন্তব্য করেননি। নাম প্রকাশে অনিচ্ছুক নির্বাচন কমিশনের এক কর্মকর্তা জানান, বিষয়টি নিয়ে সোমবার দিনভর কমিশনে আলোচনা হয়েছে। সরকার যে সিদ্ধান্ত দেবে, কমিশন সে অনুযায়ী ব্যবস্থা নেবে।

নির্বাচন কমিশনসংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার জাতীয় পরিচয়পত্র বাতিল করা হয়নি; শুধু নম্বরটি স্থগিত বা ‘লক’ করে রাখা হয়েছে। ফলে স্থগিতাদেশ প্রত্যাহারের নির্দেশ দেওয়া হলে নম্বরটি পুনরায় সক্রিয় করা সম্ভব।

জাতীয় পরিচয়পত্র আইন, ২০১০-এর ১০ ধারায় বলা হয়েছে, কোনো নাগরিকের নাগরিকত্বের অবসান হলে তাঁর জাতীয় পরিচয়পত্র বাতিল বলে গণ্য হবে। তবে ওই পরিচয়পত্রে থাকা পরিচিতি নম্বর অন্য কোনো নাগরিকের পরিচয়পত্রে ব্যবহার করা যাবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এনবিআর বিলুপ্ত করে দুই ভাগ চূড়ান্ত : অর্থমন্ত্রী

এনবিআর বিলুপ্ত করে দুই ভাগ চূড়ান্ত : অর্থমন্ত্রী

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, পবিত্র রমজানের বাকি কত দিন?

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, পবিত্র রমজানের বাকি কত দিন?

মিস ইউনিভার্স থেকে বাদ পড়ছেন ১৫ দেশের সুন্দরীরা

মিস ইউনিভার্স থেকে বাদ পড়ছেন ১৫ দেশের সুন্দরীরা

হামজাদের গোলবন্যার রাত, শ্রীলঙ্কাকে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপ হামজাদের গোলবন্যার রাত, শ্রীলঙ্কাকে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App