বাংলাদেশের বিমান আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পিএম
ছবি : সংগৃহীত
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়া থেকে ইউরেনিয়াম বহনকারী বাংলাদেশের একটি বিমানকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার কারণ ব্যাখ্যা করেছে ইসলামাবাদ।
পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, বিমানটির আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার বিষয়টি কোনো রাজনৈতিক সিদ্ধান্তের কারণে হয়নি। এটি মূলত ফ্লাইটের রুট এবং আকাশসীমা ব্যবহারের অনুমোদনসংক্রান্ত কারিগরি ও প্রক্রিয়াগত বিষয়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকায় পাকিস্তান হাইকমিশনের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, কূটনৈতিক ফ্লাইট এবং আকাশসীমা ব্যবহারের অনুমতির জন্য যেসব আবেদন করা হয়, সেগুলো পাকিস্তানের প্রচলিত বিধি, বেসামরিক বিমান চলাচলসংক্রান্ত প্রটোকল এবং নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে পর্যালোচনা করা হয়।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি পরিবহন নিয়ে প্রকাশিত প্রতিবেদন প্রসঙ্গে হাইকমিশন জানায়, বিষয়টি মূলত ফ্লাইটের রুট নির্ধারণ এবং আকাশসীমা ব্যবহারের অনুমোদনের সঙ্গে সংশ্লিষ্ট কারিগরি ও প্রশাসনিক ব্যবস্থাপনার অংশ। এ ধরনের ক্ষেত্রে বিমান চলাচলসহ সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়ের প্রয়োজন হতে পারে। এর ফলে কোনো কোনো সময় ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন ঘটতে পারে।
পাকিস্তান আরও জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ককে তারা অত্যন্ত গুরুত্ব দেয়। তাই বিষয়টিকে যথাযথ কারিগরি প্রেক্ষাপটে বিবেচনা করা উচিত। একই সঙ্গে দুই দেশের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে—এমন কোনো প্রতিবেদন বা বক্তব্যকে অতিরিক্ত গুরুত্ব না দেওয়ার আহ্বান জানিয়েছে দেশটি।
এর আগে বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছিলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি বহনকারী বিমানটি ২৪ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছানোর কথা ছিল। কিন্তু পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় নির্ধারিত সময়ে বিমানটি আসতে পারেনি। সে সময় পাকিস্তানের অনুমতি না দেওয়ার সুনির্দিষ্ট কারণও জানা যায়নি।
রূপপুর প্রকল্পের কর্মকর্তারা জানান, রাশিয়া থেকে বাংলাদেশে ইউরেনিয়াম পরিবহনের নির্ধারিত রুটে সাধারণত একাধিক দেশের আকাশসীমা ব্যবহার করতে হয়। পাকিস্তানের অনুমতি না পাওয়ায় সংশ্লিষ্ট ফ্লাইটটি স্থগিত করা হয়।
পরে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানায়, অক্টোবর থেকে রূপপুরের জন্য আবার ইউরেনিয়াম সরবরাহ শুরু হবে। বছরের শেষ নাগাদ নির্ধারিত চালানগুলো সম্পন্ন করার পরিকল্পনাও রয়েছে বলে জানায় সংস্থাটি।
