যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ পিএম
ছবি : সংগৃহীত
যাচাই-বাছাই না করে ভোজ্যতেলের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ব্যবসায়ীদের পক্ষ থেকে দাম বাড়ানোর দাবি এলেও সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেই সরকার যৌক্তিক সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সিলেটে একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বর্তমানে বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কিছুটা কমে যাওয়ায় এর প্রভাব পড়েছে সাধারণ ভোক্তাদের ওপর। এ পরিস্থিতিতে ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম বাড়ানোর জন্য সরকারের কাছে নতুন করে দাবি ও আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম বাড়ানোর দাবি জানালেও সরকার বিষয়টি বুঝে-শুনে দেখবে। সার্বিক পরিস্থিতি যাচাই-বাছাইয়ের পরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে যাতে দেশি-বিদেশি বিনিয়োগে নেতিবাচক প্রভাব না পড়ে, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি।
এর আগে বুধবার সকালে ‘সুরমা-কুশিয়ারা নদী অববাহিকার উন্নয়ন এবং বন্যা ও সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা’ শীর্ষক প্রকল্পের আওতায় সিলেট সদর উপজেলার কানিশাইলে সুরমা নদীর ডানতীরের নদী তীররক্ষা কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী।
