বিমানবন্দরে বিশৃঙ্খলার অভিযোগ, মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০১:০৮ পিএম
ছবি : সংগৃহীত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে মারধরের অভিযোগে সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলাটি করেন।
মামলার এজাহার অনুযায়ী, বৃহস্পতিবার (১ অক্টোবর) অতিরিক্ত যাত্রীর চাপের কারণে মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের লাগেজ পেতে দেরি হয়। এতে অপেক্ষমাণ যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে গেলে এজাহারে আখতারুজ্জামানের বিরুদ্ধে তাকে গালিগালাজ, ধাক্কা দিয়ে বের করে দেওয়ার চেষ্টা এবং মারধরের হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে। একই সময়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীকে নিয়েও তিনি অশালীন মন্তব্য করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ সময় আখতারুজ্জামানের সঙ্গে থাকা কয়েকজন বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ শুরু করেন। নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন তাদের বাধা দিলে আখতারুজ্জামান তাকে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়েছে, তিনি সাধারণ যাত্রীদের জমজমের পানির বোতল ছুড়ে ফেলেন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক প্রতিনিধির সঙ্গে উগ্র আচরণ করেন।
সরকারি কাজে বাধা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দণ্ডবিধির একাধিক ধারায় মামলাটি করা হয়েছে। ঘটনার বিষয়ে বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের ভিত্তিতে তদন্ত চলছে।
