×

জাতীয়

বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে লাগতে পারে ১০ বছর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পিএম

বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে লাগতে পারে ১০ বছর

ছবি : সংগৃহীত

বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে দীর্ঘ ও জটিল আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে বাংলাদেশকে। ফৌজদারি মামলার মাধ্যমে অর্থ পুনরুদ্ধারে পাঁচ থেকে ১০ বছর এবং দেওয়ানি বা সিভিল আইনি প্রক্রিয়ায় তিন থেকে পাঁচ বছর পর্যন্ত সময় লাগতে পারে। পাচার হওয়া অর্থের বিভিন্ন স্তরের লেনদেন শনাক্ত করা এবং সংশ্লিষ্ট দেশের আদালতে সম্পদের অবৈধতা প্রমাণের জটিলতার কারণে এ দীর্ঘ সময় প্রয়োজন হবে।

সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্টোলেন অ্যাসেট রিকভারি টাস্কফোর্সের উপদেষ্টা ফরহানুল গণি চৌধুরী এসব তথ্য জানান।

তিনি বলেন, পাচার হওয়া অর্থ ফেরত আনার আইনি কৌশলে পরিবর্তন আনছে বাংলাদেশ ব্যাংকের টাস্কফোর্স। এ জন্য আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন বিশেষজ্ঞ নিয়োগের পাশাপাশি বিদেশি আইনজীবী প্রতিষ্ঠান (ল ফার্ম) ও লিটিগেশন ফান্ডারদের যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যাংক খাতের খেলাপি ঋণ ও অর্থ পাচারসংশ্লিষ্ট দ্বিতীয় ধাপে আরও প্রায় ৪০টি মামলা নিয়ে কাজ শুরু করেছে টাস্কফোর্স।

ফরহানুল গণি চৌধুরী বলেন, বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে শুধু বাংলাদেশের তদন্ত বা আইনি উদ্যোগ যথেষ্ট নয়। যে দেশে সম্পদ রয়েছে, সেখানকার আইন, আইন প্রয়োগকারী সংস্থা ও বিচার বিভাগের সহযোগিতা প্রয়োজন। বাংলাদেশে কোনো কর্মকাণ্ড অবৈধ হলেও সংশ্লিষ্ট দেশের আইনে সেটি একইভাবে বিবেচিত নাও হতে পারে। তাই প্রতিটি দেশের আইনি প্রক্রিয়া অনুসরণ করে সম্পদের অবৈধতা প্রমাণ করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন বিশেষজ্ঞদের নিয়ে কাজ করছে টাস্কফোর্স। এ কার্যক্রমে পরামর্শক হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে অর্থ পাচার ও সম্পদ পুনরুদ্ধারে অভিজ্ঞ একজন বিশেষজ্ঞকে নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি বলেন, পাচার হওয়া অর্থ বিভিন্ন দেশ ও একাধিক স্তরের লেনদেনের মাধ্যমে স্থানান্তরিত হয়েছে। ফলে অর্থের বর্তমান অবস্থান শনাক্ত করা, কোন কোন দেশের মধ্য দিয়ে তা পাচার হয়েছে এবং কী প্রক্রিয়ায় সম্পদ স্থানান্তর করা হয়েছে, তা অনুসন্ধান করা জটিল ও সময়সাপেক্ষ।

টাস্কফোর্সের কার্যক্রমের অগ্রগতি নিয়মিত প্রকাশ না করার কারণ ব্যাখ্যা করে আরিফ হোসেন খান বলেন, অর্থ পাচার একটি স্পর্শকাতর বিষয়। তদন্তের প্রতিটি তথ্য ও অগ্রগতি প্রকাশ করা হলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আগেভাগেই সতর্ক হয়ে নতুন কৌশল নিতে পারেন। এতে অর্থ ফেরত আনার প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে প্রয়োজনীয় তথ্য গোপন রেখেই কার্যক্রম চালানো হচ্ছে।

টাস্কফোর্সের উপদেষ্টা ফরহানুল গণি চৌধুরী জানান, বিদেশে সম্পদ পুনরুদ্ধারের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের আইন ও আইন প্রয়োগকারী সংস্থার ওপর নির্ভর করতে হয়। তাই ওই দেশের আইনি প্রক্রিয়ায় সম্পদের অবৈধতা প্রমাণের পরই তা ফেরত আনার উদ্যোগ নেওয়া সম্ভব।

তিনি বলেন, আন্তর্জাতিক অভিজ্ঞতা অনুযায়ী, এ ধরনের ফৌজদারি মামলায় পাঁচ থেকে ১০ বছর এবং দেওয়ানি বা সিভিল প্রক্রিয়ায় তিন থেকে পাঁচ বছর পর্যন্ত সময় লাগতে পারে।

ফরহানুল গণি চৌধুরী আরও বলেন, কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই বাংলাদেশ এ কার্যক্রম শুরু করেছিল। গত দুই বছরের অভিজ্ঞতার ভিত্তিতে এখন কৌশল হালনাগাদ করা হচ্ছে। যেসব ক্ষেত্রে কার্যক্রম প্রত্যাশা অনুযায়ী এগোয়নি, সেগুলো চিহ্নিত করে আরও কার্যকর পদ্ধতি গ্রহণের চেষ্টা চলছে।

বাংলাদেশে ২০২৪ সালের অক্টোবরে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে টাস্কফোর্সের কার্যক্রম শুরু হয়। প্রাথমিকভাবে তৎকালীন সরকারের নির্ধারণ করে দেওয়া অগ্রাধিকারপ্রাপ্ত মামলাগুলো নিয়ে কাজ শুরু করে সংস্থাটি। সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রথম দুই বছরকে শেখা ও কৌশল নির্ধারণের সময় হিসেবে দেখছেন। এসব মামলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে ফৌজদারি মামলার পাশাপাশি দেওয়ানি বা সিভিল আইনি প্রক্রিয়াতেও গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ব্যাংকের টাস্কফোর্স। প্রথম ধাপে কয়েকটি খেলাপি ঋণসংশ্লিষ্ট মামলাকে অগ্রাধিকার দেওয়া হয়। পরে গত আগস্টে দ্বিতীয় ধাপে আরও প্রায় ৪০টি মামলা যুক্ত করা হয়।

যেসব ক্ষেত্রে ব্যাংকের কাছে বিদেশে অর্থ স্থানান্তরের তথ্য রয়েছে এবং সংশ্লিষ্ট ঋণগ্রহীতা বা মালিকের বিদেশে সম্পদ থাকার সম্ভাবনা রয়েছে, সেসব মামলা বিবেচনায় নেওয়া হয়েছে।

এ ক্ষেত্রে ব্যাংকগুলোকে সামনে রেখে অর্থ পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হচ্ছে। কারণ, ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে এসব অর্থের বড় একটি অংশ বিদেশে পাচার হয়েছে। তাই ক্ষতিগ্রস্ত ব্যাংকগুলোকে আইনি লড়াইয়ে সক্রিয় করার পরিকল্পনা রয়েছে।

এ বিষয়ে টাস্কফোর্সের উপদেষ্টা বলেন, সিভিল প্রক্রিয়ায় আন্তর্জাতিক আইনজীবী প্রতিষ্ঠান ও লিটিগেশন ফান্ডারদের যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশে আন্তদেশীয় সম্পদ পুনরুদ্ধারের অভিজ্ঞতা সীমিত হওয়ায় আন্তর্জাতিক পর্যায়ে এ ধরনের মামলা পরিচালনায় অভিজ্ঞ প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, বাংলাদেশে কাজ করতে আগ্রহী আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা চলছে। প্রাথমিকভাবে কিছু গোপনীয় নথি বিনিময় করা হচ্ছে। এসব নথি পর্যালোচনার ভিত্তিতে চূড়ান্ত চুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

পাচার হওয়া অর্থের পরিমাণ, সম্পদের অবস্থান কিংবা চলমান আইনি কৌশল প্রকাশের ক্ষেত্রে সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশ ব্যাংক। সংশ্লিষ্ট ব্যক্তিদের আশঙ্কা, এসব তথ্য প্রকাশ পেলে অভিযুক্তরা সম্পদ অন্যত্র সরিয়ে ফেলতে পারেন। এমনকি নতুন লেনদেনের মাধ্যমে সম্পদের অবস্থান আড়াল করার চেষ্টা করতে পারেন। এতে অর্থ পুনরুদ্ধারের উদ্যোগ বাধাগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, গণমাধ্যমের প্রশ্নের জবাব দেওয়া হবে। তবে কারিগরি ও কৌশলগত কারণে সব তথ্য প্রকাশ করা সম্ভব হবে না।

বাংলাদেশ ব্যাংকের প্রত্যাশা, পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনা সম্ভব হলে দুর্বল অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনৈতিক সক্ষমতা বাড়বে। তবে এ উদ্যোগের সফলতা নির্ভর করছে আন্তর্জাতিক সহযোগিতা, আইনি সক্ষমতা ও দীর্ঘমেয়াদি আইনি লড়াইয়ের ওপর। ফলে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশকে আরও কয়েক বছর অপেক্ষা করতে হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের চেয়েও আওয়ামী লীগ গত ১৭ বছরে দেশের বেশি ক্ষতি করেছে

তথ্যমন্ত্রী পাকিস্তানের চেয়েও আওয়ামী লীগ গত ১৭ বছরে দেশের বেশি ক্ষতি করেছে

২৪ ডিসেম্বরই নতুন বই পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

২৪ ডিসেম্বরই নতুন বই পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

আবারও হত্যার হুমকি পেলেন এমপি মিতু

আবারও হত্যার হুমকি পেলেন এমপি মিতু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App