×

বরিশাল

পিরোজপুরে আগুনে পুড়ল দোকান-মন্দিরসহ ২৪ স্থাপনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পিএম

পিরোজপুরে আগুনে পুড়ল দোকান-মন্দিরসহ ২৪ স্থাপনা

ছবি : সংগৃহীত

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি ব্যবসাপ্রতিষ্ঠান ও পাঁচটি বসতঘর পুড়ে গেছে। এ ছাড়া একটি মন্দিরও ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ৭ নম্বর গুয়ারেখা ইউনিয়নের বাটনাতলা-রুদ্রপুর বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারের স্থানীয় চিকিৎসক তপন কুমারের ফার্মেসির পাশের চা বিক্রেতা মাইনুল ইসলামের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকান ও বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে চায়ের দোকান, ফার্মেসি, মুদি, কসমেটিকস, হার্ডওয়্যার ও হোটেলসহ ১৮টি ব্যবসাপ্রতিষ্ঠান এবং পাঁচটি বসতঘর পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় একটি মন্দিরও।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী তপন কুমার বলেন, রাত ১১টার দিকে ফার্মেসি বন্ধ করে বাড়িতে ঘুমাতে যান তিনি। পরে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিজের ফার্মেসিসহ বাজারের অনেক দোকান পুড়ে যেতে দেখেন। এতে তাঁর প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। এই ক্ষতি কীভাবে কাটিয়ে উঠবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন বলেও জানান।

গুয়ারেখা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ময়নুল হক রাসেল বলেন, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ১৮টি ব্যবসাপ্রতিষ্ঠান ও পাঁচটি বসতঘর পুড়ে যেতে দেখেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষতিগ্রস্তদের পাশে থেকে সহযোগিতার চেষ্টা করছেন তাঁরা।

স্থানীয় জনপ্রতিনিধি ও সাবেক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গৌরাঙ্গ লাল বড়াল জানান, বাজারে প্রায় ৫০টি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে অগ্নিকাণ্ডে প্রায় ১৮টি পুড়ে গেছে। তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে।

নেছারাবাদ ফায়ার স্টেশনের অফিসার মো. কলীম উল্লাহ বলেন, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করা হয়েছিল। তবে যোগাযোগব্যবস্থা ও ফেরি চলাচলে সমস্যার কারণে পৌঁছাতে বিলম্ব হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক আহমেদ বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি টাকার বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমন বলেন, ঘটনাস্থল পরিদর্শনে দলের নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তারা গেছেন। তাঁরা বিষয়টি খোঁজখবর নিচ্ছেন। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহযোগিতার ব্যবস্থা করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পিরোজপুরে আগুনে পুড়ল দোকান-মন্দিরসহ ২৪ স্থাপনা

পিরোজপুরে আগুনে পুড়ল দোকান-মন্দিরসহ ২৪ স্থাপনা

আ.লীগের নাশকতা ঠেকাতে মাঠে থাকবে না জামায়াত-এনসিপি

রাশেদ খাঁন আ.লীগের নাশকতা ঠেকাতে মাঠে থাকবে না জামায়াত-এনসিপি

৫ ধাপে ইউপি নির্বাচনের সিদ্ধান্ত ইসির

৫ ধাপে ইউপি নির্বাচনের সিদ্ধান্ত ইসির

জামায়াতে হচ্ছে উপদেষ্টা পরিষদ, থাকবেন যারা

জামায়াতে হচ্ছে উপদেষ্টা পরিষদ, থাকবেন যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App