বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল হচ্ছে
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১২:৫৫ পিএম
ফাইল ছবি
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দেশের বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা ডিজিটাল হচ্ছে। এর মাধ্যমে তথ্য গোপন করে একাধিক বিয়ে করা এবং বাল্যবিবাহ দেয়া রোধ করা সম্ভব হবে।
শনিবার রাজধানীর নিকেতনে ব্র্যাক লার্নিং সেন্টারে নিকাহ রেজিস্ট্রারদের জন্য ‘অনলাইনে বিবাহ ও তালাক নিবন্ধনে সফটওয়্যারের ব্যবহারবিধি’ শীর্ষক ১০ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: ‘নির্বাচন কমিশনার ও প্রতিমন্ত্রী হা-ডু-ডু খেলছেন’
তিনি বলেন, বিবাহ নিবন্ধনের অনলাইন তথ্য পর্যায়ক্রমে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন ও পাসপোর্টের কেন্দ্রীয় সার্ভারের সঙ্গে যুক্ত করা হবে। পর্যায়ক্রমে দেশের সব কাজীকে এই ডিজিটাল নিবন্ধনের আওতায় আনতে প্রশিক্ষণ দেয়া হবে।
আইনমন্ত্রী বলেন, ঢাকার সাব-রেজিস্ট্রারদের দীর্ঘদিনের প্রভাব ভাঙতে শিগগিরই লটারির মাধ্যমে পদায়ন শুরু হবে।
