×

জাতীয়

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ: পরীক্ষা বাতিল, ক্ষতিপূরণ চান চাকরিপ্রার্থীরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পিএম

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ: পরীক্ষা বাতিল, ক্ষতিপূরণ চান চাকরিপ্রার্থীরা

সড়ক অবরোধ করে পরীক্ষার্থীরা বিক্ষোভ করে। ছবি: সংগৃহীত

সরকারি ছুটির দিন শনিবার (১০ অক্টোবর) সকাল থেকেই রাজধানীর মেট্রোরেল স্টেশনগুলোয় ছিল বাড়তি ভিড়। ঢাকা বিশ্ববিদ্যালয়, আগারগাঁও, কাজীপাড়া ও শেওড়াপাড়া স্টেশনে যাত্রীদের চাপ ছিল চোখে পড়ার মতো। এর অন্যতম কারণ ছিল যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা। ২৪২টি পদের বিপরীতে আবেদন করেছিলেন প্রায় তিন লাখ প্রার্থী। তাঁদের অনেকেই দেশের বিভিন্ন জেলা থেকে পরীক্ষা দিতে ঢাকায় এসেছিলেন। কিন্তু পরীক্ষাকেন্দ্রে ওএমআর শিট দেওয়ার মাত্র দুই মিনিটের মাথায় জানানো হয়, পরীক্ষা বাতিল করা হয়েছে। শেষ মুহূর্তের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা এখন তাঁদের আর্থিক ক্ষতির উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করছেন।

যশোরের এম এম কলেজ থেকে পরীক্ষা দিতে ঢাকায় আসা ফরিয়া ফেরদৌস জানান, অনেক কষ্টে সকালে পরীক্ষাকেন্দ্রে পৌঁছেছিলেন তিনি। নির্ধারিত সময়ে পরীক্ষার্থীদের হাতে ওএমআর শিটও দেওয়া হয়। কিন্তু এর দুই মিনিটের মাথায় হলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এসে জানান, অনিবার্য কারণে পরীক্ষা বাতিল করা হয়েছে।

হাতে ওএমআর শিট নিয়ে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পর এমন ঘোষণা শুনে হতবাক হয়ে যান পরীক্ষার্থীরা। দূরদূরান্ত থেকে ঢাকায় আসা, যাতায়াত, থাকা ও খাওয়ার জন্য তাঁদের নিজেদেরই অর্থ ব্যয় করতে হয়েছে। পরীক্ষা না হওয়ায় সেই অর্থ খরচের পাশাপাশি তাঁদের সময় ও শ্রমও বিফলে গেছে।

শেষ মুহূর্তে পরীক্ষা বাতিল

পরীক্ষা বাতিলের ঘোষণা আসার পর বিভিন্ন কেন্দ্রে ক্ষোভ ছড়িয়ে পড়ে। কেন্দ্র থেকে বেরিয়ে পরীক্ষার্থীদের একাংশ সড়কে বিক্ষোভ করেন। ধানমন্ডির সাতমসজিদ সড়ক, মানিক মিয়া অ্যাভিনিউ ও মিরপুর এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভের ঘটনাও ঘটে।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের এক পরীক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, সারা দেশ থেকে প্রায় তিন লাখ চাকরিপ্রার্থী ঢাকায় এসেছেন। তাঁদের যাতায়াত, থাকা ও খাওয়ার পেছনে উল্লেখযোগ্য অর্থ ব্যয় হয়েছে। পরীক্ষা বাতিলের কারণে যে আর্থিক ক্ষতি হয়েছে, তার দায় কে নেবে—এমন প্রশ্ন তুলে তিনি বলেন, চাকরিপ্রার্থীদের এই ভোগান্তির কি কোনো মূল্য নেই? ক্ষতিগ্রস্ত প্রার্থীদের জন্য সরকারের কাছে উপযুক্ত ক্ষতিপূরণও দাবি করেন তিনি।

আরও পড়ুন: পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

পরীক্ষার্থীদের অভিযোগ, শুক্রবার রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের খবর ও প্রশ্নের নমুনা ছড়িয়ে পড়েছিল। তাঁদের দাবি, বিষয়টি আগেই যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত ছিল। কিন্তু পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করার পর এবং তাঁদের হাতে ওএমআর শিট দেওয়ার পর পরীক্ষা বাতিলের ঘোষণা আসে।

পরীক্ষা বাতিল ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের বিষয়ে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মাজহারুল হক গণমাধ্যমকে বলেন, পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে। তবে প্রশ্নপত্র ফাঁস হয়েছে কি না, তা তাঁর জানা নেই।

অন্যদিকে, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশাসন উইংয়ের পরিচালক ডি এম আতিকুর রহমান জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রশ্নপত্রের সঙ্গে আসল প্রশ্নপত্রের আংশিক মিল পাওয়া গেছে। এ কারণেই পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে প্রশ্নপত্র কীভাবে বাইরে গেল, কারা এর সঙ্গে জড়িত এবং এ ঘটনায় কী ব্যবস্থা নেওয়া হবে—এসব প্রশ্নের উত্তর চান পরীক্ষার্থীরা। একই সঙ্গে পরীক্ষা বাতিলের কারণে তাঁদের যে আর্থিক ক্ষতি হয়েছে, সে বিষয়ে কর্তৃপক্ষের অবস্থানও স্পষ্ট করার দাবি জানিয়েছেন তাঁরা।

২৪২ পদের বিপরীতে প্রায় তিন লাখ আবেদন

সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদটি ১১তম গ্রেডের। এ পদে শূন্য ছিল ২৪২টি। বিপরীতে আবেদন করেছিলেন প্রায় তিন লাখ প্রার্থী। হিসাব অনুযায়ী, প্রতিটি পদের বিপরীতে গড়ে প্রায় ১ হাজার ২৪০ জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল।

ভুক্তভোগী চাকরিপ্রার্থীদের ভাষ্য, একটি নিয়োগ পরীক্ষার জন্য দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিতে হয়। অনেকে চাকরির প্রস্তুতির পাশাপাশি পরিবার ও পড়াশোনার দায়িত্বও সামলান। আবার দূরের জেলা থেকে পরীক্ষা দিতে এলে যাতায়াত ও আবাসনের খরচও বহন করতে হয়। ফলে একটি পরীক্ষা বাতিলের প্রভাব শুধু এক দিনের সময় নষ্ট হওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে না; এর সঙ্গে জড়িয়ে থাকে আর্থিক ক্ষতি, মানসিক চাপ ও দীর্ঘদিনের প্রস্তুতি।

বিশ্বব্যাংকের ২০২৫ সালের এক হিসাব অনুযায়ী, প্রতিবছর প্রায় ২০ লাখ তরুণ বাংলাদেশের শ্রমবাজারে প্রবেশ করেন। তাঁদের জন্য পর্যাপ্ত মানসম্মত কর্মসংস্থান সৃষ্টি করা বড় চ্যালেঞ্জ। এমন পরিস্থিতিতে সীমিতসংখ্যক সরকারি পদের বিপরীতে প্রতিযোগিতা ক্রমেই তীব্র হয়ে উঠেছে।

পরীক্ষার্থীদের দাবি, দ্রুত নতুন পরীক্ষার তারিখ ঘোষণা করতে হবে। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরীক্ষা দিতে এসে যাঁরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন, তাঁদের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ কিংবা অন্য কোনো প্রতিকারের ব্যবস্থা বিবেচনা করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রাতঃভ্রমণে বেরিয়ে ট্রাকচাপায় দুই গৃহবধূর মৃত্যু

প্রাতঃভ্রমণে বেরিয়ে ট্রাকচাপায় দুই গৃহবধূর মৃত্যু

উড্ডয়নের পরে যান্ত্রিক ত্রুটি, বিমানের জরুরি অবতরণ

উড্ডয়নের পরে যান্ত্রিক ত্রুটি, বিমানের জরুরি অবতরণ

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ: পরীক্ষা বাতিল, ক্ষতিপূরণ চান চাকরিপ্রার্থীরা

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ: পরীক্ষা বাতিল, ক্ষতিপূরণ চান চাকরিপ্রার্থীরা

হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App