ড্যাবের বিরুদ্ধে অভিযোগ
নিজ কার্যালয়ে আইইডিসিআর পরিচালককে মারধর
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পিএম
ছবি : সংগৃহীত
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিকে তাঁর নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ উঠেছে। বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে পরিচালকের কক্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি।
অধ্যাপক কাজী আহমেদ জাকির অভিযোগ, ড্যাবের কয়েকজন কর্মী সংঘবদ্ধভাবে তাঁর কক্ষে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং তাঁকে মারধর করেন।
ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, পরিচালকের কক্ষে কয়েকজনের সঙ্গে বৈঠক চলছিল। এ সময় আট থেকে নয়জন ব্যক্তি সেখানে প্রবেশ করেন। একপর্যায়ে তাঁরা কাজী আহমেদ জাকিকে চেয়ার থেকে টেনে তুলে মারধর করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ। তবে এ ঘটনায় পরিচালকের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে হারুন আল রশিদ বলেন, ‘ওর (কাজী আহমেদ) তো কিছু দোষ আছে।’
কী ধরনের দোষ জানতে চাইলে মুঠোফোনে থাকা একটি ছবি দেখিয়ে তিনি প্রশ্ন করেন, বর্তমান সরকারের আমলে কাজী আহমেদ কীভাবে জনস্বাস্থ্যবিদ মীরজাদী সেব্রিনা ফ্লোরার সঙ্গে নিজের কার্যালয়ে বৈঠক করেন।
মীরজাদী সেব্রিনা ফ্লোরা আওয়ামী লীগ সরকারের আমলে আইইডিসিআরের পরিচালকসহ স্বাস্থ্য খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। করোনা মহামারির সময় নিয়মিত সংবাদ ব্রিফিংয়ের মাধ্যমে তিনি পরিচিতি পান। পরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।
হামলার সময় পরিচালকের কক্ষে উপস্থিত এক জনস্বাস্থ্যবিদ নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানান, হামলায় অংশ নেওয়া ব্যক্তিদের তিনি আগে কখনো আইইডিসিআরে দেখেননি।
এ ঘটনায় নিন্দা জানিয়েছেন আইইডিসিআরের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও জনস্বাস্থ্যবিদ মুশতাক হোসেন। তিনি বলেন, গুরুত্বপূর্ণ একটি সরকারি প্রতিষ্ঠানের পরিচালককে তাঁর নিজ কক্ষে মারধরের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের শাস্তির আওতায় আনতে হবে।
আইইডিসিআর দেশের রোগ পরিস্থিতি পর্যবেক্ষণ, সংক্রামক রোগ নিয়ে গবেষণা এবং জনস্বাস্থ্যবিষয়ক সতর্কবার্তা দেওয়ার দায়িত্ব পালন করে। প্রতিষ্ঠানটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)-সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করে।
বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক কাজী আহমেদ জাকিকে প্রতিষ্ঠানটির পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। সম্প্রতি তিনি হামের টিকার কার্যকারিতা নিয়েও গবেষণা করেছেন।
