গোপালগঞ্জে সহিংসতার নেপথ্যে ২৩ নেতা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১২:৪২ পিএম
ছবি : সংগৃহীত
গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার ঘটনায় চারজনকে মূল পরিকল্পনাকারীসহ ২৩ জন প্রভাবশালী নেতাকে চিহ্নিত করার দাবি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সূত্র। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশজুড়ে নাশকতার পরিকল্পনায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কয়েকজন সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও প্রভাবশালী ব্যবসায়ীর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সূত্রটি।
সংশ্লিষ্ট সূত্র যুগান্তরকে জানায়, দেশের ছয়টি সীমান্ত রুট ব্যবহার করে কয়লা ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক দেশে আনা হচ্ছে। এসব কর্মকাণ্ডে কয়েকজন পোশাক কারখানার মালিক ও প্রভাবশালী ব্যবসায়ী অর্থায়ন করছেন বলে গোয়েন্দা তথ্য রয়েছে।
সূত্রের দাবি, জনমনে আতঙ্ক ছড়াতে সাম্প্রতিক সময়ে ব্যবহৃত ককটেলগুলো দুর্গম চরাঞ্চলে তৈরি করা হচ্ছে। অন্যদিকে, রাজধানীর পাঁচটি নির্দিষ্ট স্থান থেকে বিস্ফোরক ও অর্থ দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়া হচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী রোববার যুগান্তরকে বলেন, এসব ঘটনার সঙ্গে জড়িত কেউ পার পাবে না। ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে চলমান অভিযান আরও জোরদার করা হবে।
শনিবার রাত থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত গোপালগঞ্জ জেলা শহর ও টুঙ্গিপাড়ায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও সড়ক অবরোধের ঘটনা ঘটে। এসব ঘটনায় বিএনপি ও যুবদলের কার্যালয়, নেতাকর্মীদের বাড়িঘর, দোকানপাট এবং গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
এ ছাড়া পুলিশের সাঁজোয়া যান (এপিসি), পুলিশ বক্স, জুলাই স্মৃতিস্তম্ভ ও গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলক ভাঙচুর করা হয়। পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলার বাদী এসআই মোসলেম আলীকেও কুপিয়ে জখম করা হয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে রোববার গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলাজুড়ে বিজিবি মোতায়েন করা হয়েছে।
রোববার সকাল থেকে গোপালগঞ্জ সদরের লতিবপুর ইউনিয়নের গাবতলা মোড়ে বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। পরে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন খানের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী বিসিক ব্রিজ হয়ে পুলিশের ব্যারিকেড অতিক্রম করে শহরে প্রবেশ করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এদিকে ঘোষেরচর দক্ষিণপাড়া থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সামিউল হক তনু এবং শহরের মিয়াবাড়ি ও নবীনবাগ এলাকা থেকে সাবেক কাউন্সিলর আলামিনের নেতৃত্বে পৃথক মিছিল বের হয়। সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকেও দেশীয় অস্ত্র নিয়ে খণ্ড খণ্ড মিছিল শহরে প্রবেশ করে।
মিছিলকারীরা পুরাতন লঞ্চঘাট এলাকায় সমবেত হওয়ার পর লাঠিসোঁটা, লগি-বৈঠা, রামদা, চাইনিজ কুড়াল, টেঁটা ও বল্লম নিয়ে ব্যাংকপাড়ায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে যান। সেখানে দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকা কার্যালয়টি খুলে দেওয়া হয়।
এরপর গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়। গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নাম মুছে সেখানে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টাঙানো হয়। এ ছাড়া গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলক ভাঙচুর করা হয়।
পরে গোপালগঞ্জ-পাটগাতি সড়কের পুরাতন লঞ্চঘাট, কলেজ ও প্রেস ক্লাবের সামনে টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়। এ সময় পুলিশের এপিসির ওপর দাঁড়িয়ে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের কর্মীদের স্লোগান দিতে দেখা যায়। এপিসির গায়েও বিভিন্ন স্লোগান লেখা হয়। প্রেস ক্লাবের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
বেলা ১১টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত গোপালগঞ্জ-পাটগাতি সড়কে যান চলাচল বন্ধ ছিল।
ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মুস্তাফিজুর রহমান বলেন, জননিরাপত্তা এবং সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষায় আগে থেকেই পরিকল্পনা নেওয়া হয়েছিল। যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে ১ হাজার ৩৫০ জন পুলিশ সদস্য মোতায়েন ছিলেন।
তিনি দাবি করেন, কোথাও কোনো ভাঙচুর বা নাশকতার ঘটনা ঘটেনি। পুলিশ দায়িত্বের সঙ্গে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় মাঠে রয়েছে।
রোববার বিকেল ৪টার দিকে পাটগাতি বাজারে টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়। বিকেল ৫টার দিকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জসিম ওরফে তাজুর বাড়িতেও আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ ছাড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তারেকের মিষ্টির দোকান, গহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ের মাহমুদ বিশ্বাসের দোকান এবং টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি মোল্লা এমদাদের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
টুঙ্গিপাড়া উপজেলা গ্রামীণ ব্যাংক কার্যালয়, বিএনপি নেতা রাজিবের ফার্নিচারের দোকান এবং পিরোজপুরের নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়ন বিএনপির কার্যালয়েও আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। উপজেলার বিভিন্ন স্থানে সড়কের বৈদ্যুতিক তারেও আগুন দেওয়ার অভিযোগ রয়েছে।
এর আগে শনিবার বিকেলে টুঙ্গিপাড়ার বর্ণী ইউনিয়ন বিএনপি ও যুবদলের কার্যালয়ে ভাঙচুর এবং কুশলী ইউনিয়ন বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়। এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী বলেন, এখন পর্যন্ত তাঁদের কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলার বাদী এসআই মোসলেম আলীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় তাঁকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী জানান, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় করা মামলায় মোট ২ হাজার ২২৪ জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে ২২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আসামি রয়েছেন আরও ২ হাজার জন।
