×

জাতীয়

গোয়েন্দা তথ্যে

নাশকতার ককটেল তৈরি হচ্ছে যেসব জেলায়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পিএম

নাশকতার ককটেল তৈরি হচ্ছে যেসব জেলায়

ছবি : সংগৃহীত

বাসে আগুন, সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড মোকাবিলায় নিরাপত্তা জোরদার করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সহিংসতার আশঙ্কা রয়েছে—এমন এলাকাগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি। গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরসহ কয়েকটি জেলায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তাব্যবস্থা।

পুলিশের একটি সূত্রের দাবি, গোয়েন্দাদের কাছে তথ্য রয়েছে—আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যসহ ৩৫ জন নাশকতার পেছনে ভূমিকা রাখছেন। তাঁদের মধ্যে অর্থের জোগানদাতা হিসেবে চিহ্নিত করা হয়েছে ৯ জনকে।

সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনা ঘটেছে। সর্বশেষ গত শনিবার রাত থেকে গোপালগঞ্জে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। কয়েক দিন ধরে সেখানে সড়ক অবরোধ করে মিছিল করছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। রোববার লগি-বইঠা, রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে দেখা যায়।

এর আগে নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা সর্বাত্মক ধর্মঘটকে কেন্দ্র করে এক দিনে দেশের ২৮টি জেলায় বাস ও ট্রেনে আগুন, ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটে।

গোয়েন্দা সূত্রের দাবি, নাশকতার সঙ্গে জড়িত ব্যক্তিদের মধ্যে চাকরিচ্যুত সরকারি কর্মকর্তাও রয়েছেন। কারা কোথায় ককটেল তৈরি করছেন, সে বিষয়ে তথ্য সংগ্রহ করেছেন গোয়েন্দারা। জড়িতদের গ্রেপ্তারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানিয়েছে সূত্রটি।

সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য অনুযায়ী, গোয়েন্দা প্রতিবেদনে নাশকতার মূল পরিকল্পনাকারী হিসেবে চারজনের নাম উল্লেখ রয়েছে। তাঁদের মধ্যে দুজন সাবেক মন্ত্রী, একজন সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং অন্যজন সাবেক আমলা।

এ ছাড়া নাশকতায় নেতৃত্ব দেওয়ার অভিযোগে ১১ জনের একটি তালিকা তৈরি করেছে গোয়েন্দারা। তালিকায় রয়েছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের দুজন, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের একজন, সিলেট বিভাগের আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্য, নারায়ণগঞ্জের সাবেক এক সংসদ সদস্য, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক দুই শীর্ষ নেতা, যুক্তরাজ্য আওয়ামী লীগের একজন নেতা, ঢাকার একটি আসনের সাবেক সংসদ সদস্য এবং জামালপুরের সাবেক এক সংসদ সদস্য।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওই সূত্রের দাবি, ঢাকাকেন্দ্রিক নাশকতায় পেছন থেকে ভূমিকা রাখছেন আওয়ামী লীগের সাবেক এক মন্ত্রী, পুরান ঢাকার দলটির সাবেক এক সংসদ সদস্য, সাবেক এক মেয়র এবং নিষিদ্ধ যুবলীগের এক নেতা।

চট্টগ্রামে নাশকতার নেপথ্যে তিনজন রয়েছেন বলেও দাবি গোয়েন্দাদের। তাঁদের মধ্যে রয়েছেন সাবেক এক মন্ত্রী, ফেনীর সাবেক এক সংসদ সদস্য এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক এক কাউন্সিলর।

এ ছাড়া নাশকতায় নেতৃত্ব দেওয়ার অভিযোগে আরও আট নেতার নাম পৃথকভাবে উল্লেখ করা হয়েছে গোয়েন্দা প্রতিবেদনে। তাঁদের মধ্যে আওয়ামী লীগের সাবেক চার সংসদ সদস্য, তিতুমীর কলেজের সাবেক এক ছাত্রলীগ নেতা, মাগুরা আওয়ামী লীগের সাবেক এক নেত্রী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক এক নেতা রয়েছেন।

গোয়েন্দা প্রতিবেদনের দাবি, আওয়ামী লীগ-সমর্থক কয়লা ব্যবসায়ীদের মাধ্যমে পার্শ্ববর্তী দেশ থেকে ককটেল ও বিস্ফোরকজাতীয় দ্রব্য বাংলাদেশে আনা হচ্ছে। কয়লাবাহী ট্রাকে এসব পরিবহন করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ জন্য বুড়িমারী ও শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর ছাড়াও সিলেটের জাফলং, মৌলভীবাজারের শমশেরনগর, কসবা ও আখাউড়া সীমান্ত এলাকা ব্যবহারের তথ্য পাওয়া গেছে বলে দাবি গোয়েন্দাদের।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, শরীয়তপুরের নড়িয়া, জামালপুরের মাদারগঞ্জ এবং বগুড়ার সারিয়াকান্দির দুর্গম চরাঞ্চলে ককটেল তৈরি করা হচ্ছে।

সম্প্রতি পুলিশ সদরদপ্তরে অনুষ্ঠিত এক বৈঠকে দেশের সব সীমান্তবর্তী জেলায় নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। সীমান্তের ওপার থেকে যাতে অস্ত্র, বিস্ফোরক বা সন্দেহভাজন কোনো ব্যক্তি দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

এ ছাড়া সারাদেশে চলমান বিশেষ অভিযান আরও জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে। নাশকতার ঘটনায় দায়ের করা মামলাগুলোর তদন্ত দ্রুত শেষ করা এবং দণ্ড কার্যকর হওয়া পর্যন্ত সেগুলোর অগ্রগতি তদারকির নির্দেশও দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নাশকতার ককটেল তৈরি হচ্ছে যেসব জেলায়

গোয়েন্দা তথ্যে নাশকতার ককটেল তৈরি হচ্ছে যেসব জেলায়

গোপালগঞ্জে সহিংসতার নেপথ্যে ২৩ নেতা

গোপালগঞ্জে সহিংসতার নেপথ্যে ২৩ নেতা

ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৪ সমুদ্রবন্দরে সতর্কতা জারি

ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৪ সমুদ্রবন্দরে সতর্কতা জারি

গোপালগঞ্জে সহিংসতা, গোয়েন্দা প্রতিবেদনে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

গোপালগঞ্জে সহিংসতা, গোয়েন্দা প্রতিবেদনে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App