রাশেদ খাঁন
আ.লীগের নাশকতা ঠেকাতে মাঠে থাকবে না জামায়াত-এনসিপি
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০২:২৩ পিএম
ছবি : সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, অরাজকতা ও ভাঙচুর ঠেকাতে রাজপথে সক্রিয় না থাকার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)—এমন দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
সোমবার (১৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন। একই সঙ্গে জামায়াত-এনসিপির এমন অবস্থানের পেছনে রাজনৈতিক কৌশল এবং ভারতের ভূমিকা রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লেখেন, গণমাধ্যমের খবরে জামায়াত ও এনসিপির রাজপথে নিষ্ক্রিয় থাকার সিদ্ধান্তের কথা উঠে এসেছে। বিরোধী দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বলেও তিনি দাবি করেন।
রাশেদ খাঁন বলেন, সরকারকে চাপে রাখতে আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডকে সমর্থন দেওয়ার কৌশল নিয়েছে জামায়াত-এনসিপি। তাঁর ভাষ্য, এ পরিস্থিতিকে দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় দল দুটি। গত ১০ নভেম্বরও তিনি এ বিষয়ে বিস্তারিত লিখেছিলেন বলে পোস্টে উল্লেখ করেন।
জামায়াতের অবস্থান নিয়ে ভারতের ভূমিকা প্রসঙ্গে রাশেদ খাঁন অভিযোগ করেন, আওয়ামী লীগের বিষয়ে নীরব থাকলে ভবিষ্যতে ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে ভারত সহযোগিতা করবে—এমন প্রলোভন দেখানো হয়েছে। তাঁর দাবি, জামায়াত সেই ফাঁদে পা দিয়েছে।
পোস্টের শেষাংশে তিনি বলেন, আওয়ামী লীগের অপতৎপরতার বিষয়ে জামায়াতকে নিষ্ক্রিয় রাখার মাধ্যমে দলটিকে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক করার কৌশল নিয়েছে ভারত। তবে এর উদ্দেশ্য জামায়াতকে ক্ষমতায় আনা নয় বলেও মন্তব্য করেন তিনি।
