এনআইডি সেবা নিয়ে নাগরিকদের হয়রানি দেখতে চান না সিইসি
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১১:০৬ এএম
ছবি: সংগৃহীত
জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে গিয়ে নাগরিকদের হয়রানি ও দুর্নীতির শিকার হওয়ার বিষয়টি আর দেখতে চান না প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এ ধরনের অনিয়ম বন্ধে নির্বাচন কমিশনকে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে এনআইডি-সংক্রান্ত সেবায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং আবেদন নিষ্পত্তির প্রক্রিয়ায় নাগরিকদের তথ্য জানানোর ওপর গুরুত্ব দিয়েছেন সিইসি।
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম: বর্তমান ও উত্তরণ’ শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন তিনি।
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘পত্রপত্রিকায় যখন হয়রানি শব্দটা দেখি, আমি খুব অস্বস্তি করি। এটা আর কীভাবে ব্যবহার হবে না— সেই পরামর্শ দিন। এনআইডি কেন্দ্রিক দুর্নীতি হচ্ছে, এটা থেকে মুক্তির জন্য পরামর্শ দেবেন। মানুষ সেবা পাবে, এটা নিশ্চিত করতে হবে।’
কর্মশালায় প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, যেকোনো চিঠি পাওয়ার পর সেটি বুঝে পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। এতে আবেদনের একটি সুনির্দিষ্ট রেকর্ড থাকবে। জনসাধারণের ভোগান্তির কথা বিবেচনায় নিয়ে সেবার সমস্যাগুলোর কার্যকর সমাধান বের করতে হবে। পাশাপাশি সঠিকভাবে আবেদন করার বিষয়ে নাগরিকদের মধ্যে সচেতনতা তৈরি করা প্রয়োজন।
সিইসি আরও বলেন, ‘আমি সমাধান চাই। মানুষ হয়রানির শিকার হোক চাই না। এ নিয়ে জিরো টলারেন্স। এনআইডি-সংক্রান্ত দুর্নীতি নির্মূল করতে চাই। এত হয়রানির আবেদন আর দেখতে চাই না।’
কর্মশালায় নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বলেন, এনআইডি নিবন্ধনের সময় ফ্যামিলি ট্রি তৈরি এবং কার্ড নবায়নের সময়ও ফ্যামিলি ট্রি প্রস্তুতের প্রক্রিয়া খুব শিগগিরই চালু করা হবে।
এ ছাড়া এনআইডি সংশোধন প্রক্রিয়ায় ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। কোনো আবেদন বা তথ্য কেন বাতিল করা হয়েছে, সেই কারণও সংশ্লিষ্ট নাগরিককে জানানো হবে বলে জানান তিনি।
ইসি সচিব বলেন, সংশোধনের আবেদন বাতিলের কারণ জানার ক্ষেত্রে বর্তমানে কিছুটা অস্পষ্টতা রয়েছে। এ সমস্যা দূর করতে সফটওয়্যারে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। নাগরিকদের সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর গত দুই বছরে ১৭ লাখের বেশি আবেদন নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে প্রায় ১৪ লাখ আবেদন গ্রহণ করা হয়েছে এবং আনুমানিক ৩ লাখ আবেদন বাতিল করা হয়েছে।
