×

জাতীয়

৭ দিনেই বাতিল মিটফোর্ডের উপপরিচালকের ওএসডি আদেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পিএম

৭ দিনেই বাতিল মিটফোর্ডের উপপরিচালকের ওএসডি আদেশ

ছবি : সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কেন্দ্রিক বদলি, পদায়ন ও সুপারিশ বাণিজ্যের অভিযোগ দীর্ঘদিনের। তবে এবার সেই অভিযোগের তীর সরাসরি স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতের দিকে। গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হওয়া স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের উপপরিচালক (চলতি দায়িত্ব) ডা. শাহরিয়া শায়লা জাহানের ওএসডি আদেশ বাতিল হয়েছে মাত্র সাত দিনের ব্যবধানে।

অভিযোগ রয়েছে, ডা. শায়লাকে পদায়নে মোটা অঙ্কের বিনিময়ে কাজ করেছে একটি প্রভাবশালী চক্র।

জানা গেছে, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর শীর্ষ নেতাদের সুপারিশ এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রীর নির্দেশনার পরই তাঁর ওএসডি আদেশ বাতিল করা হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা, ড্যাবের শীর্ষ নেতা ও অভিযুক্ত চিকিৎসকের বক্তব্যেও উঠে এসেছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য।

সাত দিনের ব্যবধানে দুই প্রজ্ঞাপন:

গত ২৬ অক্টোবর এক প্রজ্ঞাপনে ডা. শাহরিয়া শায়লা জাহানকে মিটফোর্ড হাসপাতালের উপপরিচালক পদ থেকে সরিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করা হয়। তবে এক সপ্তাহের মধ্যেই পরিবর্তন আসে সেই সিদ্ধান্তে। ১ নভেম্বর স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখা থেকে জারি করা আরেক প্রজ্ঞাপনে আগের আদেশের তাঁর ক্ষেত্রে প্রযোজ্য অংশ বাতিল করা হয়।

'জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে' উল্লেখ করা প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব সাইফুল ইসলাম। ফলে প্রশ্ন উঠেছে, মাত্র সাত দিনের ব্যবধানে কী কারণে এবং কার সুপারিশে পরিবর্তন হলো মন্ত্রণালয়ের আগের সিদ্ধান্ত?

কার ইশারায় পাল্টাল সরকারি সিদ্ধান্ত?

এ বিষয়ে জানতে প্রজ্ঞাপনে স্বাক্ষরকারী যুগ্মসচিব সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রতিমন্ত্রী চাননি ডা. শায়লার ওএসডি হোক। ড্যাবের সুপারিশ এবং প্রতিমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতেই তিনি আদেশ বাতিলের কাগজে স্বাক্ষর করেছেন।

বিষয়টি নিয়ে ড্যাবের মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলের সঙ্গে যোগাযোগ করা হলে শুরুতে তিনি সুপারিশের বিষয়টি অস্বীকার করেন। তবে একপর্যায়ে তিনি স্বীকার করেন, তাঁদের পক্ষ থেকে মন্ত্রণালয়ে সুপারিশ করার পরই ডা. শায়লার ওএসডি আদেশ বাতিল করা হয়েছে।

অন্যদিকে, অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ডা. শাহরিয়া শায়লা জাহানের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি আনুষ্ঠানিক সাক্ষাৎকার দিতে রাজি হননি। একপর্যায়ে তাঁর বক্তব্য পাওয়া গেলে প্রথমে তদবিরের বিষয়টি অস্বীকার করেন তিনি। পরে জানান, প্রতিমন্ত্রীর নির্দেশের বিষয়টি তাঁর জানা না থাকলেও ড্যাবের সুপারিশের বিষয়টি তিনি জানেন।

সরকারি আচরণবিধি নিয়ে প্রশ্ন

সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ অনুযায়ী, সরকারি কর্মচারীদের আচরণ, শৃঙ্খলা ও দায়িত্ব পালনের ক্ষেত্রে নির্ধারিত বিধিবিধান অনুসরণ করতে হয়। ব্যক্তিগত বদলি, পদায়ন কিংবা প্রশাসনিক সিদ্ধান্তে বাইরের প্রভাব বিস্তারের অভিযোগ উঠলে তা বিধিমালার আলোকে পর্যালোচনার দাবি রাখে।

এ ক্ষেত্রে ড্যাবের সুপারিশের পর একজন সরকারি কর্মকর্তার ওএসডি আদেশ বাতিল হয়ে থাকলে তা প্রশাসনিক নিরপেক্ষতা ও সরকারি সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তৈরি করে। বিশেষ করে কোনো কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত ও নিষ্পত্তির আগেই রাজনৈতিক বা পেশাজীবী সংগঠনের সুপারিশে প্রশাসনিক সিদ্ধান্ত পরিবর্তিত হলে তা সরকারি প্রতিষ্ঠানের জবাবদিহি নিয়েও উদ্বেগ তৈরি করতে পারে।

ডা. শায়লার বিরুদ্ধে যত অভিযোগ

গণমাধ্যমে প্রকাশিত তথ্য ও স্থানীয় সূত্রে জানা যায়, ডা. শাহরিয়া শায়লা জাহানের বিরুদ্ধে অনিয়ম ও অসদাচরণের অভিযোগ এবারই প্রথম নয়। এর আগে বিভিন্ন কর্মস্থলে দায়িত্ব পালনকালে তাঁর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ ওঠে।

সাড়ে ৬ কোটি টাকার টেন্ডার দুর্নীতির অভিযোগ: ২০২৫ সালের জানুয়ারিতে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পান ডা. শায়লা। সেখানে তাঁর বিরুদ্ধে প্রায় সাড়ে ছয় কোটি টাকার টেন্ডার ও কেনাকাটায় অনিয়মের অভিযোগ ওঠে।

চিকিৎসাসেবা বন্ধের ঘোষণা ও সাংবাদিকদের সঙ্গে বিরূপ আচরণ: ২০২৫ সালের ২৬ এপ্রিল এক রোগীর স্বজনদের সঙ্গে মেডিকেল অফিসারের বাগ্‌বিতণ্ডার জেরে মহিলা ও শিশু ওয়ার্ডের রাউন্ড ও চিকিৎসাসেবা বন্ধের ঘোষণা দেওয়া হয়। এতে সাধারণ রোগীরা চরম ভোগান্তিতে পড়েন। সে সময় গণমাধ্যমকর্মীরা বক্তব্য জানতে চাইলে তিনি 'হাসপাতালের সব বিষয়ে সাংবাদিকদের নজর দেওয়ার দরকার নেই' বলে মন্তব্য করেন বলে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়।

রোগীদের সঙ্গে দুর্ব্যবহার ও ঘুষ বাণিজ্যের অভিযোগ: মেহেরপুরে দায়িত্ব পালনকালে নিয়মিত অফিস না করা, রোগীদের প্রতি অনীহা ও উগ্র আচরণের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। ২০২৫ সালের ১৪ অক্টোবর স্থানীয়রা মানববন্ধন করে হাসপাতালের বিভিন্ন স্তরে টাকা ছাড়া সেবা না পাওয়ার অভিযোগ তোলেন।

আন্দোলনের মুখে ওএসডি ও কারণ দর্শানোর নোটিশ: স্থানীয়দের আন্দোলন এবং প্রশাসনিক অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ১৬ নভেম্বর তাঁকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করা হয়েছিল বলে জানা যায়। এ ছাড়া পূর্ববর্তী কর্মস্থলে যোগদান না করা এবং অননুমোদিতভাবে অনুপস্থিত থাকার অভিযোগে তাঁকে কারণ দর্শানোর নোটিশও দিয়েছিল কর্তৃপক্ষ।

তদন্তের নিষ্পত্তির আগেই মিটফোর্ডে পদায়ন

মেহেরপুর হাসপাতালে দায়িত্ব পালনকালে ওঠা দুর্নীতি ও অনিয়মের অভিযোগের তদন্তের ফলাফল প্রকাশ কিংবা নিষ্পত্তির আগেই চলতি বছরের ১ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনে মিটফোর্ড হাসপাতালের তৎকালীন উপপরিচালক ডা. মুহাম্মদ হাবিবুর রহমানকে ওএসডি করা হয়। তাঁর স্থলাভিষিক্ত করা হয় ডা. শাহরিয়া শায়লা জাহানকে।

অভিযোগগুলোর নিষ্পত্তি না করেই অভিযুক্ত একজন কর্মকর্তাকে রাজধানীর গুরুত্বপূর্ণ হাসপাতালের প্রশাসনিক পদে পদায়নের ঘটনায় চিকিৎসকদের বিভিন্ন মহলে সমালোচনা তৈরি হয়। বিশেষ করে ন্যাশনাল ডক্টরস ফোরামসহ সংশ্লিষ্ট চিকিৎসকদের মধ্যে এ নিয়ে ক্ষোভ দেখা দেয়।

পরবর্তী সময়ে ২৬ অক্টোবর তাঁকে আবারও ওএসডি করা হলেও মাত্র সাত দিনের মাথায় সেই আদেশ বাতিলের ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে। একজন কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত ও প্রশাসনিক জবাবদিহির পরিবর্তে সুপারিশ ও নির্দেশনা কতটা প্রভাব বিস্তার করেছে, তা খতিয়ে দেখার দাবি উঠছে সংশ্লিষ্ট মহলে।

এদিকে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ উঠেছে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিরুদ্ধে। তারা জানিয়েছেন, পূর্বে প্রতিমন্ত্রী খারাপ আচরণ করতেন। এখন তার পাশাপাশি সহকারী একান্ত সচিব আল মামুন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন।

শুধু তাই নয়, সহকারী একান্ত সচিব আল মামুন বদলি বাণিজ্যের সঙ্গে জড়িত থাকারও অভিযোগ পাওয়া গেছে। এছাড়া তাঁর বিরুদ্ধে দফতরে আটকে রাখার অভিযোগ আছে।

এসব বিষয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোন সাড়া পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সারাদেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুন

সারাদেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুন

৭ দিনেই বাতিল মিটফোর্ডের উপপরিচালকের ওএসডি আদেশ

৭ দিনেই বাতিল মিটফোর্ডের উপপরিচালকের ওএসডি আদেশ

সিএমপির ৬ উপকমিশনারের দায়িত্ব রদবদল

সিএমপির ৬ উপকমিশনারের দায়িত্ব রদবদল

মার্কেট-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ

মার্কেট-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App