সারাদেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুন
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পিএম
ছবি : সংগৃহীত
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ২২ দিনে ১২০টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ১০৭টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত ৭ থেকে ২৮ নভেম্বরের মধ্যে এসব ঘটনা ঘটে। এসব ঘটনায় ৫২টি মামলা হয়েছে এবং ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
রোববার (২৯ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও সহকারী মহাপরিদর্শক (এআইজি) কামরুম মুনিরা এসব তথ্য জানান।
পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ওই ২২ দিনে দেশের বিভিন্ন স্থানে ১২০টি ককটেল বিস্ফোরণ এবং ১০৭টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ছাড়া পুলিশের চারটি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর, ২৮টি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর, তিনটি স্থাপনায় ককটেল বিস্ফোরণ এবং একটি গাড়ি ককটেল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এসব ঘটনায় মোট ৫২টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৮০ জনকে।
পুলিশ সদর দপ্তর জানায়, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ এবং গাছ কেটে সড়ক অবরোধের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করছে একটি ফ্যাসিবাদী গোষ্ঠী। এসব নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিজিবি সদস্যরা দিনরাত কাজ করছেন।
এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলার নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
রোববার পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত অক্টোবর ২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভায় মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের এ নির্দেশনা দেন তিনি।
আইজিপি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে হবে। এ লক্ষ্যে টহল ও চেকপোস্ট কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। পেশাদারিত্ব, মেধা ও দূরদর্শিতার সঙ্গে যেকোনো পরিস্থিতি মোকাবিলার পাশাপাশি কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষায় জনগণকে সম্পৃক্ত করার নির্দেশনাও দেন।
দেশের ভেতরে ও বাইরে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলেও উল্লেখ করেন আইজিপি। তিনি বলেন, বিভ্রান্তিকর তথ্য বা অপপ্রচারে প্রভাবিত না হয়ে পুলিশ সদস্যদের দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
