নাসীরুদ্দীন পাটওয়ারী
সংস্কার না হলে চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধ হবে না
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৯:৪১ পিএম
ছবি : সংগৃহীত
রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়ন ছাড়া চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস এবং শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ঐতিহাসিক তেঁতুলতলায় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়ন না হলে পাথরশ্রমিকসহ শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি নিশ্চিত করা যাবে না। একই সঙ্গে টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস এবং ব্যবসায়ীদের ভয়ভীতি দেখানোর সংস্কৃতিও বন্ধ হবে না।
তিনি অভিযোগ করেন, যারা একসময় সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তারা এখন সেই অবস্থান থেকে সরে এসেছেন। তাঁর ভাষায়, যাঁরা শহীদ আবু সাঈদের আত্মত্যাগের কথা বলে সংস্কারের অঙ্গীকার করেছিলেন, এখন তাঁরাই বলছেন সংস্কারের প্রয়োজন নেই। এ ধরনের অবস্থানের জবাব জনগণ স্থানীয় সরকার নির্বাচনে দেবে বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, গত দুই বছরে সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী পরিবর্তন আসেনি। আইনশৃঙ্খলা, স্বাস্থ্যসেবা, অর্থনীতি ও সামাজিক নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার অভিযোগ তুলে তিনি সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, “এখনও সময় আছে, নিজেদের সংশোধন করুন।”
পরিবারতন্ত্রের সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, একই পরিবারের সদস্যদের ধারাবাহিকভাবে জনপ্রতিনিধি হওয়ার সংস্কৃতি গণতন্ত্রের জন্য ইতিবাচক নয়। জনগণ যাকে ভোট দেবে, নির্বাচিত হওয়ার অধিকার কেবল তারই থাকা উচিত।
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রশাসনকে ব্যবহার করে নির্বাচনে প্রভাব বিস্তারের কোনো চেষ্টা জনগণ মেনে নেবে না।
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং দলের রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
