হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৮:৫২ পিএম
ছবি : সংগৃহীত
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ শেষে দলটির গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হওয়ার দাবি করেছে এনসিপি। দলটির অভিযোগ, স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে হবিগঞ্জ জেলা সার্কিট হাউস প্রাঙ্গণে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দলটি।
এনসিপির দাবি, পদযাত্রা শেষে সার্কিট হাউসে ফেরার সময় সার্কিট হাউসের সামনে তাদের গাড়িবহরের ওপর হামলা চালানো হয়। হামলার প্রথম লক্ষ্যবস্তু ছিল দলের মিডিয়া টিমের বহরে থাকা একটি গাড়ি।
দলটির তথ্যমতে, হামলায় আহত হয়েছেন এনসিপির ভিডিওগ্রাফার ইউসুফ আহমেদ, মিডিয়া সেলের সদস্য মোজো আরাফাত সানি, গাড়িচালক আসলাম হোসাইন, কনটেন্ট ক্রিয়েটর মোশারফ এবং ভিডিও এডিটর শাহরিয়ার।
হামলার শিকার কনটেন্ট ক্রিয়েটর মোশারফ অভিযোগ করেন, জুলাই পদযাত্রা শেষে সার্কিট হাউসে ফেরার পথে সার্কিট হাউসের ভেতরে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালান।
তিনি আরও অভিযোগ করেন, ঘটনার সময় পুলিশ উপস্থিত থাকলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। তার ভাষ্য অনুযায়ী, সমাবেশস্থল থেকে সার্কিট হাউসের দূরত্ব প্রায় দুই কিলোমিটার এবং ফেরার পথেই এ হামলার ঘটনা ঘটে।
এনসিপির দাবি, হামলায় দুটি ক্যামেরা সেটআপ, একটি ল্যাপটপ, একটি ম্যাকবুক, দুটি মোবাইল ফোন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া মিডিয়া টিমের ব্যবহৃত মাইক্রোবাসও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করা হয়।
এদিকে, ফেসবুকে দেওয়া এক পোস্টে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দাবি করেন, জুলাই পদযাত্রায় অংশ নেওয়া দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িবহরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়েছেন। তার দাবি, এ ঘটনায় সাংবাদিক ও এনসিপির একাধিক নেতাকর্মী আহত হয়েছেন।
পোস্টে তিনি আরও অভিযোগ করেন, পুলিশের উপস্থিতিতেই হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা মোবাইল ফোন ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার পাশাপাশি এনসিপির মিডিয়া টিমের মাইক্রোবাস সার্কিট হাউসের ভেতরে নিয়ে ভাঙচুর করেছে বলেও দাবি করেন তিনি।
আসিফ মাহমুদ তার পোস্টে সার্কিট হাউস প্রাঙ্গণে সংঘটিত এ ঘটনাকে রাজনৈতিক সহিংসতার একটি গুরুতর দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ অভিযোগের বিষয়ে বিএনপি, ছাত্রদল, যুবদল বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে যুক্ত করা হবে।
