×

এনসিপি

নাসীরুদ্দীন পাটওয়ারী

হাসপাতালে নেয়ার সময়ও হামলাকারীরা থামেনি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৯:২০ পিএম

হাসপাতালে নেয়ার সময়ও হামলাকারীরা থামেনি

ছবি : সংগৃহীত

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। দলটির দাবি, জেলা ছাত্রদলের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে এ হামলা চালিয়েছেন। হামলায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় হবিগঞ্জ সদরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এনসিপি। দলটির অভিযোগ, হামলার সময় তাদের বহরে থাকা একাধিক গাড়ি ভাঙচুর করা হয় এবং নেতা-কর্মীদের মারধর করা হয়।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি দাবি করেন, হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে পরবর্তী কর্মসূচিতে অংশ নিতে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় জেলা ছাত্রদলের একদল নেতাকর্মী হকিস্টিক, রামদা, চেইনসহ দেশীয় অস্ত্র নিয়ে তাদের গাড়িবহরে পরিকল্পিত ও অতর্কিত হামলা চালায়।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও অভিযোগ করেন, হামলার সময় ঘটনাস্থলে পুলিশ ও র‍্যাবের সদস্যরা উপস্থিত থাকলেও তারা কার্যকর কোনো ভূমিকা পালন করেননি। তার দাবি, হামলাকারীরা এনসিপির মিডিয়া টিমের ক্যামেরাসহ বিভিন্ন মূল্যবান সরঞ্জাম ছিনিয়ে নেয় এবং গাড়িচালক ও মিডিয়া টিমের সদস্যদের ওপর হামলা চালায়। হামলায় সারজিস আলমসহ স্থানীয় একাধিক নেতা-কর্মী আহত হন বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, হামলায় কয়েকজনের হাত-পা ভেঙে গেছে এবং অনেকে গুরুতর আহত হয়েছেন। এ ঘটনাকে ‘ন্যক্কারজনক, বর্বরোচিত ও কাপুরুষোচিত’ উল্লেখ করে তিনি এর তীব্র নিন্দা জানান এবং হামলায় জড়িত ব্যক্তি, তাদের সহযোগী ও দায়িত্ব পালনে ব্যর্থদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী আরও অভিযোগ করেন, আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার সময়ও হামলাকারীরা তাদের পিছু নেয়। তার দাবি, হাসপাতালের প্রধান ফটকের সামনে আবারও হামলা চালানো হয় এবং আহতদের ওপর পুনরায় আক্রমণ করা হয়।

তিনি আরও অভিযোগ করেন, আহতদের চিকিৎসা নিশ্চিত করার পরিবর্তে হাসপাতালের সামনেই তাদের ওপর হামলা চালানো হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় ছাত্রদল, বিএনপি, পুলিশ বা র‍্যাবের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে যুক্ত করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হবিগঞ্জে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

হবিগঞ্জে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

গ্যাসের অভাবে থমকেছে গাড়ি, নিভেছে গৃহস্থালির চুলা

গ্যাসের অভাবে থমকেছে গাড়ি, নিভেছে গৃহস্থালির চুলা

জুলাই আন্দোলনে ৭.৬২ মিমি গুলি ব্যবহার নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা

জুলাই আন্দোলনে ৭.৬২ মিমি গুলি ব্যবহার নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, অ্যাপ ছাড়াই ওয়েব ব্রাউজারে কলিং সুবিধা

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, অ্যাপ ছাড়াই ওয়েব ব্রাউজারে কলিং সুবিধা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App