প্রবাসী কার্ড দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল মন্ত্রণালয়
কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৬:২০ পিএম
ছবি : সংগৃহীত
প্রবাসী কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রবাসীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে একটি অসাধু চক্র। তথাকথিত পেনশন সুবিধা ও দ্রুত কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দেশে-বিদেশে প্রবাসীদের সঙ্গে প্রতারণার চেষ্টা চলছে। এ পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা জারি করে মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করতে সরকারের নির্বাচনি ইশতেহার ও অগ্রাধিকার কর্মপরিকল্পনার অংশ হিসেবে ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে কার্ডটি প্রবর্তনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে কার্ডটি চালু করা হয়নি। একই সঙ্গে এর আবেদন কার্যক্রমও শুরু হয়নি।
মন্ত্রণালয় জানায়, সম্প্রতি দেশে ও বিদেশে কিছু অসাধু ব্যক্তি এবং দালাল চক্র প্রবাসী কার্ডের নামে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। বিশেষ করে পেনশন সুবিধা পাওয়া এবং দ্রুত কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রবাসীদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছে তারা।
এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার পাশাপাশি কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা মধ্যস্থতাকারীকে প্রবাসী কার্ডের নামে টাকা না দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রবাসী কার্ড চালু হলে এর আবেদন পদ্ধতি, যোগ্যতা ও সুযোগ-সুবিধা সম্পর্কে সরকারি গণমাধ্যম, মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং দাপ্তরিক সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে। তাই সরকারি ঘোষণা ছাড়া কার্ডসংক্রান্ত কোনো তথ্য বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া কেউ প্রতারণার শিকার হলে কিংবা এ ধরনের কোনো কর্মকাণ্ডের তথ্য পেলে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।
প্রবাসীদের কষ্টার্জিত অর্থ ও স্বার্থ সুরক্ষায় সবাইকে সচেতন থাকার পাশাপাশি প্রতারণা প্রতিরোধে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
