রাতে গ্রেপ্তার, সকালেই জামিন পেলেন আ.লীগ নেতা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পিএম
ছবি : সংগৃহীত
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দরকে গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মধ্যেই জামিন দিয়েছেন আদালত।
বুধবার (১১ নভেম্বর) রাতে উপজেলার পাখিয়ালায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে তাঁকে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।
রফিকুল ইসলাম সুন্দরের জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী রিপন আহমদ।
জানা গেছে, রফিকুল ইসলাম সুন্দর ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর ছাত্র সমন্বয়ক আবু হাসানের দায়ের করা একটি মামলার আসামি। এ ছাড়া সম্প্রতি দায়ের হওয়া একটি মারামারির মামলাতেও তাঁর নাম রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে অভিযান চালিয়ে পাখিয়ালায় তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হলে বিচারক তাঁর জামিন মঞ্জুর করেন।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম সুন্দরকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।
