বন্যায় বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি শেখ হাসিনার আহ্বান
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ০৭:২৬ পিএম
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত
চলমান বন্যায় বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
রবিবার (২৫ আগস্ট) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল পেইজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যার্তদের পাশে দাঁড়াতে সবাইকে একত্রিত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বন্যার্তদের পাশে দাঁড়াতে আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। সেইসঙ্গে আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক শ্রেণীপেশার বিত্তবান মানুষও জেনো এগিয়ে আসে আমি সেই আহ্বান জানাচ্ছি।

শেখ হাসিনা আরো বলেন, হঠাৎ এই বন্যা দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে মারাত্মক আকার ধারণ করেছে। এ সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে বন্যাদুর্গতদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে।
বিগত সময়ে বন্যা মোকাবিলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কার্যক্রমের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বিগত দিনে বন্যা মোকাবিলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এগিয়ে এসেছিল বলেই বন্যার্তদের সহযোগিতা করতে পেরেছিলাম এবং বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সফল হয়েছিলাম। গত জুলাই মাসের প্রথম সপ্তাহে এমন একটি বিপদজনক বন্যার শঙ্কায় আগাম প্রস্তুতি নিতেও সবাইকে নির্দেশ দিয়েছিলেন বলে বিবৃতিতে উল্লেখ করেন তিনি।
আরো পড়ুন: সালমান এফ রহমানসহ ১৭৪ জনের নামে মামলা
চলমান বন্যায় যারা মারা গেছেন, তাদের রূহের মাগফিরাত কামনা করেন শেখ হাসিনা। তিনি নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং ধৈর্যধারণের আহ্বান করেন।
