×

রাজনীতি

ইসহাক সরকার

রাজপথে নামলে সরকারের পতন সময়ের ব্যাপার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৩২ পিএম

রাজপথে নামলে সরকারের পতন সময়ের ব্যাপার

ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দেওয়া যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ কথা বলার অধিকার পেয়েছে। তবে বর্তমান শাসকগোষ্ঠী যদি আবার ফ্যাসিবাদী আচরণে ফিরে যায়, তাহলে রাজপথে নেমে তাদের পতন ঘটাতে বেশি সময় লাগবে না।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এনসিপিতে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

ইসহাক সরকার বলেন, সরকারকে গণতান্ত্রিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং জনগণের মৌলিক ও মানবাধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। অন্যথায় আন্দোলনে নামা ছাড়া বিকল্প থাকবে না।

তিনি দাবি করেন, ছাত্র-জনতার আন্দোলন ও আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে পরিবর্তনের যে পথ তৈরি হয়েছে, তা রক্ত ও ত্যাগের বিনিময়ে অর্জিত। সেই আন্দোলনে তিনি নিজেও কর্মীদের নিয়ে রাজপথে নেমেছিলেন।

নিজেকে বক্তা নয়, একজন আন্দোলনকর্মী হিসেবে উল্লেখ করে ইসহাক সরকার বলেন, দীর্ঘ প্রায় ১০ বছর বিভিন্ন মেয়াদে কারাগারে থাকতে হয়েছে তাকে। আন্দোলন-সংগ্রামে বহু সহযোদ্ধাকে হারানোর কথাও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, দীর্ঘদিনের অভিজ্ঞতায় তিনি মনে করেন, এনসিপির মাধ্যমেই দেশের মানুষের মুক্তির পথ তৈরি হতে পারে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব।

পূর্বে যে দলের সঙ্গে যুক্ত ছিলেন, সেই দল গণতান্ত্রিক ধারা থেকে সরে গেছে বলেও অভিযোগ করেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, অতীতের ত্যাগ ও শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে কেউ টিকে থাকতে পারবে না।

ইসহাক সরকার অভিযোগ করেন, রাজনৈতিক বক্তব্য দেওয়ার কারণে তার পরিবারকে হয়রানির শিকার হতে হয়েছে এবং তাদের বিরুদ্ধে বহু মামলা দেওয়া হয়েছে। তবুও তিনি আপস করেননি।

তিনি আরও বলেন, বিভিন্ন শাসনামলে তাকে কারাবরণ করতে হয়েছে এবং তিনি সব সময়ই স্বৈরশাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। কোনো বিদেশি শক্তির প্রভাব বাংলাদেশে গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

একই সঙ্গে তিনি বলেন, একটি হত্যাকাণ্ডের বিচার এখনো হয়নি, যা নিয়ে জনমনে প্রশ্ন রয়ে গেছে। দেশে আবারও অশুভ প্রভাব ফিরে আসছে বলেও মন্তব্য করেন তিনি।

ইসহাক সরকার বলেন, তার ব্যক্তিগত কোনো ক্ষোভ নেই। তিনি বিশ্বাস করেন, এনসিপির মাধ্যমেই জনগণের নিরাপত্তা, অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব।

তিনি বলেন, বর্তমান বাস্তবতায় মানুষ পরিবর্তন চায়। সেই পরিবর্তন না এলে রাজপথের আন্দোলনের মাধ্যমে তা আদায় করা হবে। জনগণের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

শেষে তিনি নিজের জন্য দোয়া কামনা করে বলেন, যেকোনো দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে চান এবং প্রয়োজনে দেশের জন্য জীবন দিতেও প্রস্তুত আছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App