×

রাজনীতি

গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্রও শক্তিশালী হবে: মির্জা ফখরুল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৫:১৮ পিএম

গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্রও শক্তিশালী হবে: মির্জা ফখরুল

ছবি : সংগৃহীত

টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, দায়িত্বশীল ও শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্রও আরও শক্তিশালী হবে। এ জন্য শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয়; গণমাধ্যম, মালিকপক্ষ, সাংবাদিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান- সবার দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।

শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর একটি হোটেলে টেলিভিশন এডিটরস কাউন্সিল আয়োজিত ‘টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, তখনই একটি ধ্বংসস্তূপের উত্তরাধিকার গ্রহণ করতে হয়েছে। তার অভিযোগ, আগের সরকার একটি নতুন গ্যাসক্ষেত্রও অনুসন্ধান করেনি; বরং দেশকে আমদানিনির্ভর ব্যবস্থার দিকে ঠেলে দিয়েছে।

গণতন্ত্রের ধারণা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, গণতন্ত্র কেবল নির্বাচনকেন্দ্রিক কোনো ব্যবস্থা নয়, এটি একটি সংস্কৃতি। মানুষের চিন্তা, আচরণ ও দৈনন্দিন চর্চায় গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন ঘটতে হবে। একই সঙ্গে ভিন্নমতের প্রতি শ্রদ্ধা, সহনশীলতা ও পরমতসহিষ্ণুতার চর্চার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

মন্ত্রী বলেন, সরকারের সমালোচনা অবশ্যই হতে পারে, তবে সরকারকে কাজ করার সুযোগও দিতে হবে। পাশাপাশি গণমাধ্যমকে নিজেদের প্রাতিষ্ঠানিক ভিত্তি আরও শক্তিশালী করতে হবে। রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান শক্তিশালী না হলে গণতন্ত্রও দৃঢ় ভিত্তি পাবে না বলে মন্তব্য করেন তিনি।

সাংবাদিকতার প্রসঙ্গে তিনি বলেন, সত্য প্রকাশই গণমাধ্যমের সবচেয়ে বড় দায়িত্ব। আত্মসেন্সরশিপ পরিহার করে সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অঙ্গীকারবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, ন্যায্য বেতন-ভাতা এবং স্বাধীনভাবে কাজের পরিবেশ নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

তিনি আরও বলেন, শক্তিশালী প্রতিষ্ঠান, মতপ্রকাশের স্বাধীনতা, সহনশীলতা ও দায়িত্বশীলতার চর্চা বাড়াতে পারলে গণমাধ্যম আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে। সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম জনগণের আস্থা অর্জনের পাশাপাশি গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে।

সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে দেশের সামনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে সরকার ও জনগণের মধ্যে আস্থার সেতুবন্ধন গড়ে তুলতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি আরও বলেন, সরকার, গণমাধ্যমের মালিকপক্ষ ও বিজ্ঞাপনদাতাদের মধ্যে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠিত হলে গণমাধ্যমের কার্যকারিতা আরও বাড়বে।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক মোস্তফা আকমল। তিনি বলেন, গণতন্ত্র শুধু ভোটাধিকারের মধ্যে সীমাবদ্ধ নয়; ক্ষমতার জবাবদিহি নিশ্চিত করা এবং নাগরিকের নির্ভয়ে সত্য জানার অধিকার রক্ষার ওপরই এর স্থায়িত্ব নির্ভর করে।

তিনি আরও বলেন, গত দেড় দশকে রাজনৈতিক চাপ, ডিজিটাল আইনের প্রয়োগ এবং নজরদারির কারণে দেশের গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারেনি। গণমাধ্যমকে সরকারের মুখপত্র নয়, বরং গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের অংশীদার হিসেবে বিবেচনা করা উচিত। পাশাপাশি সম্পাদকীয় স্বাধীনতা, অবাধ তথ্যপ্রবাহ এবং ভুয়া তথ্য ও অপতথ্য রোধে জাতীয় পর্যায়ে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

টেলিভিশন এডিটরস কাউন্সিলের আহ্বায়ক আব্দুল হাই সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, যমুনা টেলিভিশনের হেড অব নিউজ তৌহিদুল ইসলাম, এনটিভির প্রধান বার্তা সম্পাদক ফকরুল আলম কাঞ্চন, মাইটিভির প্রধান সম্পাদক মাহমুদ আল হাসান, মোহনা টেলিভিশনের বার্তা সম্পাদক রাশেদুল হক, স্টার টেলিভিশনের সিইও মোকসেদুল করিম বাবু, সাংবাদিক মারুফ কামাল খান এবং ডেইলি ওয়াদার সম্পাদক ও সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমসহ গণমাধ্যমের সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দিল্লিতে হাসিনার বক্তব্য নিয়ে যা বলছে ভারত

দিল্লিতে হাসিনার বক্তব্য নিয়ে যা বলছে ভারত

শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে ভারত : প্রত্যাশা জামায়াতের

শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে ভারত : প্রত্যাশা জামায়াতের

কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায় : স্বরাষ্ট্রমন্ত্রী

কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায় : স্বরাষ্ট্রমন্ত্রী

ভারি বৃষ্টির সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস

ভারি বৃষ্টির সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App