হুমায়ুন কবির
মক্কা-মদিনায় আক্রমণ হলে বাহিনী পাঠাতে প্রস্তুত ঢাকা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পিএম
ছবি : সংগৃহীত
ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা রক্ষায় কাজ করতে বাংলাদেশের বাহিনী পাঠানোর প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, মক্কা ও মদিনায় হামলা হলে এ বিষয়ে কোনো আপস করা হবে না। সৌদি আরব চাইলে বাংলাদেশ সৈন্য পাঠাতেও প্রস্তুত।
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ও বিজ আয়োজিত ‘শ্রমশক্তি থেকে কৌশলগত অংশীদারিত্ব: বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের নতুন দিগন্ত’ শীর্ষক জাতীয় সেমিনারে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শুধু শ্রমবাজারের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক বহুমুখী করা এখন সময়ের দাবি। দুই দেশের সম্পর্ককে অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারত্বে উন্নীত করার সুযোগ রয়েছে।
তিনি আরও বলেন, মক্কা-মদিনায় হামলা হলে কোনো আপস করা হবে না। সৌদি আরব চাইলে বাংলাদেশ সৈন্য পাঠাতে প্রস্তুত। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা রক্ষায় কাজ করার জন্যও বাংলাদেশের বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান শিগগিরই সৌদি আরব সফর করবেন বলেও জানান হুমায়ুন কবির।
দুই দেশের সহযোগিতার ক্ষেত্র তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি, নবায়নযোগ্য জ্বালানি, নিরাপত্তা ও ওষুধশিল্পসহ বিভিন্ন খাতে বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, দক্ষ ও প্রশিক্ষিত জনবল পাঠানোর মাধ্যমে সৌদি আরবের শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে।
