×

রাজনীতি

শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে ভারত : প্রত্যাশা জামায়াতের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৫:৫২ পিএম

শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে ভারত : প্রত্যাশা জামায়াতের

ছবি : সংগৃহীত

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনের সুযোগ দেওয়ায় ভারতের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, এ ধরনের পদক্ষেপ বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী।

শুক্রবার (৭ আগস্ট) দেওয়া এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ প্রতিবেশী ভারতসহ বিশ্বের সব দেশের সঙ্গে পারস্পরিক সম্মান, সমমর্যাদা এবং দ্বিপক্ষীয় স্বার্থের ভিত্তিতে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে বাংলাদেশ সব দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতিও শ্রদ্ধাশীল। কিন্তু দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ থাকা সত্ত্বেও এবং তাকে ঘিরে বাংলাদেশের কূটনৈতিক অনুরোধ উপেক্ষা করে ভারত সরকারের আশ্রয় অব্যাহত রাখা আন্তর্জাতিক কূটনৈতিক রীতি ও শিষ্টাচারের লঙ্ঘন বলে দাবি করেন তিনি। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদও জানান।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার গত সাড়ে ১৬ বছরে হত্যা, গুম, নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের মতো নানা অভিযোগে অভিযুক্ত। এছাড়া ২০২৪ সালের জুলাই-আগস্টের ঘটনাকে তিনি গণহত্যা হিসেবে উল্লেখ করে বলেন, এতে প্রায় দেড় হাজার মানুষ নিহত এবং ৩০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। তার দাবি, এ বিষয়গুলো জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম, জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন এবং বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে।

তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরাতে অন্তর্বর্তীকালীন সরকার একাধিকবার ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে। কিন্তু সেই অনুরোধ উপেক্ষা করে ভারত সরকার তাকে আশ্রয় দিয়ে যাচ্ছে, যা নিষিদ্ধ আওয়ামী লীগকে পরোক্ষভাবে পৃষ্ঠপোষকতা দেওয়ার শামিল বলে জামায়াত মনে করে। একই সঙ্গে বাংলাদেশ-ভারতের বিদ্যমান বন্দি বিনিময় চুক্তিও উপেক্ষা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

জামায়াতের প্রত্যাশা, ভারত সরকার তাদের অবস্থান পুনর্বিবেচনা করবে এবং দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবে।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপিত হলেও বর্তমান সরকার এখনো শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে পারেনি। ফলে তিনি বিদেশে অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার সুযোগ পাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

তিনি সরকারের প্রতি ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি, জাতিসংঘের সহযোগিতা গ্রহণ এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কার্যকর কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, এ বিষয়ে সরকার কূটনৈতিকভাবে শৈথিল্য দেখালে জনগণের কাছে জবাবদিহির মুখোমুখি হতে হবে।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, সেখানে কোনো ধরনের ফ্যাসিবাদ বা পুরোনো ফ্যাসিবাদের পুনরুত্থানের সুযোগ দেওয়া হবে না।

দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্রের চেষ্টা করলেও তা সফল হবে না। তিনি দেশের জনগণকে সতর্ক ও ঐক্যবদ্ধ থেকে সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান জানান। পাশাপাশি ইনসাফভিত্তিক, দুর্নীতিমুক্ত, নিরাপদ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করারও আহ্বান জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এসএসসিতে অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে আবার পরীক্ষার কথা ভাবছে সরকার

এসএসসিতে অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে আবার পরীক্ষার কথা ভাবছে সরকার

প্রাতঃভ্রমণে বেরিয়ে ট্রাকচাপায় দুই গৃহবধূর মৃত্যু

প্রাতঃভ্রমণে বেরিয়ে ট্রাকচাপায় দুই গৃহবধূর মৃত্যু

উড্ডয়নের পরে যান্ত্রিক ত্রুটি, বিমানের জরুরি অবতরণ

উড্ডয়নের পরে যান্ত্রিক ত্রুটি, বিমানের জরুরি অবতরণ

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ: পরীক্ষা বাতিল, ক্ষতিপূরণ চান চাকরিপ্রার্থীরা

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ: পরীক্ষা বাতিল, ক্ষতিপূরণ চান চাকরিপ্রার্থীরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App