×

রাজনীতি

জ্বালানি তেল আমদানি বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ১১:২৯ পিএম

জ্বালানি তেল আমদানি বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের

ছবি : সংগৃহীত

জ্বালানি তেল আমদানি, মজুত, পরিবহন, বিতরণ ও বিপণন বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার সরকারি উদ্যোগ অবিলম্বে স্থগিতের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির অভিযোগ, সরকারের এই উদ্যোগ কোনো সংস্কার নয়; বরং এর মাধ্যমে জ্বালানি খাতে বেসরকারি একচেটিয়া ব্যবসার সুযোগ তৈরি হতে পারে।

শনিবার (৮ আগস্ট) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ‘সরকারের নতুন জ্বালানি নীতিমালা প্রণয়নের পদক্ষেপ’ নিয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, জামায়াতে ইসলামী ঢালাওভাবে বেসরকারিকরণের বিরোধিতা করে না। তবে কোনো খাত বেসরকারি হাতে তুলে দেওয়ার ফলে দুর্নীতির সুযোগ তৈরি হলে, সরকারের উচ্চপর্যায়ে লুটপাট, ভাগাভাগি বা কোনো সিন্ডিকেটের তৎপরতা দৃশ্যমান হলে তার প্রতিবাদ করা ছাড়া তাদের উপায় নেই।

লিখিত বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার বলেন, পরিশোধিত জ্বালানি তেল আমদানি, মজুত, পরিবহন, বিতরণ ও বিপণনের দায়িত্ব বেসরকারি খাতে দেওয়া হলে এর বাড়তি মূল্য শেষ পর্যন্ত সাধারণ মানুষকেই বহন করতে হবে।

তিনি আরও বলেন, হঠাৎ বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যানকে সরিয়ে দেওয়ার পর জ্বালানি খাত কোনো বেসরকারি শিল্পগোষ্ঠীর হাতে তুলে দেওয়ার উদ্যোগ আরও এক ধাপ এগিয়েছে। নতুন চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার চার দিনের মাথায় বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি তেল আমদানি, সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণনের জন্য খসড়া নীতিমালা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এটি সংস্কার নয়, এটি হস্তান্তর। এটি প্রতিযোগিতা নয়, এটি দুর্নীতি ও লুটপাটের লাইসেন্স।’

জামায়াতের দাবি, বেসরকারি খাতে জ্বালানি তেল বিপণনের সুযোগ দেওয়া হলে প্রতিযোগিতা বাড়ার পরিবর্তে বাজার কয়েকটি নির্দিষ্ট শিল্পগোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত হওয়ার আশঙ্কা রয়েছে।

দলটির বক্তব্য, জ্বালানি তেল আমদানির জন্য গভীর সমুদ্রবন্দর, সিঙ্গেল পয়েন্ট মুরিং, বড় ট্যাংক টার্মিনাল, পাইপলাইন এবং শত শত কোটি ডলারের ব্যাংক ঋণসীমার প্রয়োজন হয়। বাংলাদেশে এ ধরনের সক্ষমতা হাতেগোনা তিন-চারটি শিল্পগোষ্ঠীর রয়েছে বলে দাবি করেছে জামায়াত।

তাদের আশঙ্কা, জ্বালানি খাত বেসরকারি হাতে গেলে রাষ্ট্রীয় একচেটিয়া ব্যবস্থা ভেঙে নতুন করে বেসরকারি একচেটিয়া ব্যবসা প্রতিষ্ঠিত হতে পারে। এতে এ খাতের ওপর সংসদীয় জবাবদিহিও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে দলটি মনে করে।

বিপিসিকে লোকসানি দেখানোর যুক্তি নিয়ে প্রশ্ন

বিপিসিকে ‘অদক্ষ’ ও ‘লোকসানি’ হিসেবে তুলে ধরে বেসরকারিকরণের পক্ষে যে যুক্তি দেওয়া হচ্ছে, সেটিও সঠিক নয় বলে দাবি করেছে জামায়াত।

দলটির দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে বিপিসি ৩ হাজার ৯৪৩ কোটি টাকা এবং ২০২৪-২৫ অর্থবছরে ২ হাজার ৫০ কোটি টাকা মুনাফা করেছে।

জামায়াতের ছয় দাবি

সংবাদ সম্মেলনে জ্বালানি খাত নিয়ে ছয়টি দাবি তুলে ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দাবিগুলো হলো—

১. পরিশোধিত জ্বালানি তেল আমদানি, মজুত ও বিপণন বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার সব উদ্যোগ অবিলম্বে স্থগিত করতে হবে।

২. খসড়া নীতিমালাসহ সংশ্লিষ্ট সব নথি জনসম্মুখে প্রকাশ করতে হবে এবং জনগণের মতামত দেওয়ার জন্য কমপক্ষে ৬০ দিনের সময় দিতে হবে।

৩. সংসদীয় স্থায়ী কমিটির অধীনে উন্মুক্ত শুনানির আয়োজন করতে হবে। সেখানে বিরোধী দল, ক্যাব, সিপিডি, বিশ্ববিদ্যালয়ের জ্বালানি বিশেষজ্ঞ, শ্রমিক ফেডারেশন ও ভোক্তা প্রতিনিধিদের বক্তব্য দেওয়ার সুযোগ রাখতে হবে।

৪. বেসরকারিকরণের পরিবর্তে বিপিসির সংস্কার করতে হবে। এর মধ্যে স্বাধীন নিরীক্ষা, বোর্ডে পেশাদারদের নিয়োগ, ক্রয়প্রক্রিয়ায় ই-জিপি বাধ্যতামূলক করা এবং প্রতি তিন মাসে আমদানি মূল্য ও পরিমাণের তথ্য প্রকাশের ব্যবস্থা রাখতে হবে।

৫. ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট (ইআরএল-২) এবং কৌশলগত জ্বালানি মজুত সক্ষমতা বাড়ানোর প্রকল্প নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করে দ্রুত বাস্তবায়ন করতে হবে।

৬. জ্বালানি খাতের শ্রমিক-কর্মচারীদের আইনি সুরক্ষা খর্ব করার সব সুপারিশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির আ ন ম শামসুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জাহিদুর রহমান, সংসদ সদস্য নাজিবুর রহমান মোমেন, ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি রেজাউল করিমসহ দলটির অন্যান্য নেতারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী

দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধকে খাটো করতে জুলাইকে ব্যবহারকারীরা ‘ধান্ধাবাজ’: আসিফ নজরুল

মুক্তিযুদ্ধকে খাটো করতে জুলাইকে ব্যবহারকারীরা ‘ধান্ধাবাজ’: আসিফ নজরুল

৮ বোর্ডে এইচএসসি পরীক্ষা শেষ, ৯ নভেম্বরের মধ্যে ফল প্রকাশ

৮ বোর্ডে এইচএসসি পরীক্ষা শেষ, ৯ নভেম্বরের মধ্যে ফল প্রকাশ

জ্বালানি তেল আমদানি বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের

জ্বালানি তেল আমদানি বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App