তুষারের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কটাক্ষ করলেন রাশেদ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৫:২৩ পিএম
ছবি : সংগৃহীত
সাবেক গণঅধিকার পরিষদের নেতা ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ খান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষারের পাল্টাপাল্টি বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। টেলিভিশন টকশো থেকে সামাজিক যোগাযোগমাধ্যম বিভিন্ন জায়গায় দুজনের বিতর্ক ক্রমেই তীব্র হচ্ছে।
এরই ধারাবাহিকতায় এবার সরোয়ার তুষারকে আবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে পড়াশোনা করতে চাইলে তার শিক্ষার খরচ বহনের প্রস্তাব দিয়েছেন রাশেদ খান।
মঙ্গলবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সরোয়ার তুষারের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন রাশেদ খান। তিনি দাবি করেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) থেকে অনার্স শেষ করতে পারেননি সরোয়ার তুষার।
নিজের শিক্ষাজীবনের প্রসঙ্গ তুলে রাশেদ খান বলেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে বিবিএ সম্পন্ন করেছেন। এমবিএর শেষ সেমিস্টারে থাকাকালে তার সামনে পড়াশোনা চালিয়ে যাওয়া কিংবা কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়ার সুযোগ ছিল। তিনি আন্দোলনে যুক্ত হওয়ার পথ বেছে নেন এবং পরবর্তী সময়ে পূর্ণকালীন রাজনীতিতে সক্রিয় হন।
রাশেদ খান আরও প্রশ্ন তোলেন, কোটা সংস্কার আন্দোলন সফল হওয়ার পরও সরোয়ার তুষার কেন কোনো চাকরির পরীক্ষায় অংশ নেননি। একই সঙ্গে তিনি সরোয়ার তুষারের শিক্ষাগত সনদ নিয়েও প্রশ্ন করেন।
কল সেন্টারের আড়ালে কোটি টাকার প্রতারণা, অতঃপর...
একপর্যায়ে সরোয়ার তুষারকে ‘ড্রপআউট’ উল্লেখ করে রাশেদ খান বলেন, তিনি যদি আবার অনার্স পড়তে চান, তাহলে তার পড়াশোনার খরচ বহন করবেন। পাশাপাশি রাজনৈতিক বাকবিতণ্ডায় সময় না দিয়ে পড়াশোনায় মনোযোগ দেওয়ার পরামর্শ দেন তিনি।
এর আগে বিভিন্ন রাজনৈতিক ও নীতিগত বিষয় নিয়ে টেলিভিশন টকশো এবং সামাজিক যোগাযোগমাধ্যমে রাশেদ খান ও সরোয়ার তুষারকে পরস্পরের বিরুদ্ধে বক্তব্য দিতে দেখা গেছে। সাম্প্রতিক সময়ে তাদের এই পাল্টাপাল্টি বক্তব্য আরও আলোচনার জন্ম দিয়েছে।
তবে সরোয়ার তুষারের শিক্ষাগত যোগ্যতা নিয়ে রাশেদ খানের করা দাবির বিষয়ে তার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
