দেশে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: চরমোনাই পীর
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পিএম
প্রধান অতিথির বক্তব্য দেন সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। ছবি: সংগৃহীত
দেশে চাঁদাবাজি, সন্ত্রাসবাদ ও দুর্নীতি রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেন, বিদ্যমান নীতিতে দেশ পরিচালিত হলে স্বাধীনতার হীরকজয়ন্তী বা শতবর্ষ উদযাপন করা গেলেও সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পীর সাহেব চরমোনাই বলেন, "স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পার করেছি। এ দেশের মানুষ মুক্তির আশায় বিভিন্ন আন্দোলন-সংগ্রামে জীবন দিয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত মুক্তি মেলেনি। চাঁদাবাজি, সন্ত্রাসবাদ, দুর্নীতি, লুটতরাজ ও গুম-খুনের মতো সামাজিক অনাচার দিন দিন বাড়ছে।"
বিভিন্ন রাজনৈতিক দলের সমালোচনা করে তিনি বলেন, জনগণ অতীতে বিভিন্ন দলকে ক্ষমতায় বসিয়ে পরীক্ষা করেছে, কিন্তু কেউই বিদ্যমান নীতির মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের ইতিবাচক পরিবর্তন আনতে পারেনি। সবাই নির্বাচনী ইশতেহার ভুলে গিয়ে মানুষকে ধোঁকা দিচ্ছে। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ নীতির প্রশ্নে কখনো আপস করেনি এবং ভবিষ্যতেও করবে না বলেও জানান তিনি।
সম্মেলনে দলটির মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে দলের শীর্ষ নেতারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ৫ আগস্টের পর রাজনীতিতে চাঁদাবাজি ও ধোঁকাবাজির ধারা বন্ধ হবে বলে আশা করা হলেও বাস্তবে তা দেখা যাচ্ছে না।
তিনি আরও অভিযোগ করেন, জুলাই সনদ নিয়ে বর্তমান বিএনপি সরকার এখনও টালবাহানা করছে। এ ধরনের কর্মকাণ্ড চলতে থাকলে বড় ধরনের জনবিস্ফোরণ ঘটতে পারে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। ইসলামী আন্দোলনের কোনো গোপন এজেন্ডা নেই উল্লেখ করে তিনি বলেন, দলটির মূল লক্ষ্য দেশে ইসলামী শরিয়াহ বাস্তবায়ন করা।
নেতাকর্মীদের প্রতি নির্দেশনা
সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ নেতাকর্মীদের ওয়ার্ডের অলিগলিতে ছড়িয়ে পড়ে শরিয়াহর পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তরের সভাপতি আতিকুর রহমান মুজাহিদ বলেন, সুনির্দিষ্ট ভিশন ও মিশন নিয়ে দল সামনে এগোচ্ছে এবং জনগণের রায় পেলে ঢাকাকে একটি স্মার্ট নগরী হিসেবে গড়ে তোলা হবে।
ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি কে এম শরীয়াতুল্লাহর সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন— দলের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, যুগ্ম মহাসচিব অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম, নগর উত্তরের সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম নাঈম প্রমুখ।
