যুবলীগ নেতাকে চেয়ারম্যান পদে ফেরানোর নির্দেশ, নানা প্রতিক্রিয়া
বাদল আহাম্মদ খান, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৯:২৩ পিএম
ছবি: সংগৃহীত
মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকায় দায়িত্ব পালনে সাময়িকভাবে বিরত থাকা আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জালাল উদ্দিনকে স্বপদে পুনর্বহালের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন।
জেলা প্রশাসকের কার্যালয় থেকে গত ৩০ সেপ্টেম্বর আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) এ নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে চেয়ারম্যানের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা পুনর্বহালের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
তবে সোমবার নাগাদ ওই চেয়ারম্যান দায়িত্ব গ্রহন করেননি। চেয়ারম্যান জালাল উদ্দিন যুবলীগের নেতা হওয়ায় এ নিয়ে এলাকায় প্রতিক্রিয়া দেখা দেয়। ৫ আগস্ট পরবর্তী সময় থেকে তিনি পলাতক ছিলেন। পরে অভ্যুত্থান পরবর্তী হওয়া মামলায় কিছুদিন জেল খেটে জামিনে বেরিয়ে আসেন।
এদিকে চেয়ারম্যানের দায়িত্ব পাওয়া জালাল উদ্দিনের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকান্ডের অভিযোগ এনে সোমাবার বেলা ১২টার দিকে দক্ষিণ ইউনিয়ন পরিষদে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তবে শুরুতেই জানিয়ে দেওয়া হয় সংবাদ সম্মেলনটি হচ্ছে না। পরে এ নিয়ে কথা বলা হবে। সংবাদ সম্মেলনে ইউনিয়ন পরিষদ সদস্যসহ বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. শাহনেওয়াজ খান বলেন, 'জালাল পরিষদে আসবে না বলে আশ্বস্থ হয়েছি। এ বিষয়ে ৭ অক্টোবরের পর আমরা বিস্তারিত বলবো। জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঙ্গে বিষয়টি মিয়ে আমাদের আলোচনার পর সিদ্ধান্ত নিবো।
এদিকে জেলা প্রশাসনের চিঠিতে বলা হয়, আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জালাল উদ্দিন একটি মামলায় গ্রেপ্তার হয়ে জেলহাজতে থাকায় ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা ও জনসেবা অব্যাহত রাখার স্বার্থে সংশ্লিষ্ট আইন অনুযায়ী প্যানেল চেয়ারম্যান-১ কে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করা হয়েছিল।
পরবর্তীতে মোহাম্মদ জালাল উদ্দিন জামিনে মুক্তি পাওয়ার পর গত ২৩ আগস্ট চেয়ারম্যান হিসেবে পুনরায় স্বপদে যোগদানের জন্য আবেদন করেন। আবেদনের সঙ্গে মামলার কাগজপত্র ও সংশ্লিষ্ট নথি দাখিল করা হয়।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, বিষয়টি নিয়ে সরকারি আইনজীবীর মতামত নেওয়া হয়। আইনজীবীর মতামতে চেয়ারম্যানের পুনরায় স্বপদে যোগদানের ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই বলে জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবুসাঈদ আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জালাল উদ্দিনকে স্বপদে পুনর্বহালের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেন।
চিঠির অনুলিপি স্থানীয় সরকার বিভাগ, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং চেয়ারম্যান মোহাম্মদ জালাল উদ্দিনসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।
