বেনজীরের বান্ধবী গ্রেপ্তার
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ এএম
ছবি : সংগৃহীত
সাভারে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বান্ধবী পরিচয় দেওয়া নাজনীন আখতারকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে সাভারের রাজফুলবাড়ীয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নাজনীন নিজেকে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক বলেও পরিচয় দিয়েছেন।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেন যুগান্তরকে জানান, হেমায়েতপুরে পুলিশের এক ওসির গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি নাজনীন আখতার। ঘটনার পর থেকে তিনি রাজফুলবাড়ীয়া এলাকায় আত্মগোপনে ছিলেন। রোববার বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর নাজনীন নিজেকে সাবেক আইজিপি বেনজীর আহমেদের বান্ধবী হিসেবে পরিচয় দেন। গত ৬ নভেম্বর পুলিশের পক্ষ থেকে সাভার মডেল থানায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলাটি দায়ের করা হয়।
পরিদর্শক মো. মোশাররফ হোসেন আরও জানান, সোমবার (১৬ নভেম্বর) রিমান্ডের আবেদনসহ নাজনীনকে আদালতে পাঠানো হবে।
