গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১০:০৬ এএম
ছবি : সংগৃহীত
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় দুটি কারখানার শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এদিকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ওই শিল্পাঞ্চলের ১৭টি কারখানা।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকরা। তারা কারখানার বাইরে অবস্থান নিয়ে একপর্যায়ে জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করেন শ্রমিকরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানান। এ সময় শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে সড়ক ছেড়ে চলে যান। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, দুটি কারখানার শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করা হয়।
তিনি আরও জানান, শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।
