×

জাতীয়

সরকারি খরচে মালয়েশিয়া যাচ্ছেন এক হাজার জুলাই যোদ্ধা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৯:২৯ এএম

সরকারি খরচে মালয়েশিয়া যাচ্ছেন এক হাজার জুলাই যোদ্ধা

ছবি : সংগৃহীত

চলতি নভেম্বরের শেষ দিকে ১০ হাজার বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় পাঠানোর প্রস্তুতি নিচ্ছে সরকার। তাঁদের মধ্যে এক হাজার থাকবেন ‘জুলাই যোদ্ধা’। বিদেশযাত্রা থেকে শুরু করে কর্মসংস্থানের যাবতীয় ব্যয় বহন করবে সরকার। অন্য কর্মীদের জন্য অভিবাসন ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার টাকা।

এদিকে বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণা ও অনিয়মের অভিযোগে সম্প্রতি ৫৬টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি নতুন শ্রমবাজার খুঁজতে বিদেশে স্থানীয় লবিস্ট বা পরামর্শক নিয়োগের উদ্যোগ নিচ্ছে সরকার।

রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য জানান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি জানান, মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা সোমবার প্রকাশ করা হবে।

সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সোমবার মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য স্বাস্থ্য পরীক্ষার কেন্দ্রগুলোর তালিকা প্রকাশ করা হবে। আশা করা হচ্ছে, আগামী সপ্তাহের শেষ নাগাদ কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হবে।

তিনি আরও বলেন, কর্মীপ্রতি অভিবাসন ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার টাকা। এর বাইরে কেউ অতিরিক্ত অর্থ আদায় করলে কিংবা সরকারি ব্যবস্থার বাইরে কোনো অনিয়ম করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জিয়াউল আহসানের পুলিশি প্রটোকল নিয়ে সংসদে ক্ষোভ

শতাধিক গুম ও হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে হাতকড়া ও ডান্ডাবেড়ি ছাড়া আদালতে নেওয়ার ঘটনায় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষমতাসীন দলের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার বিএনপির কেন্দ্রীয় নেতা ইলিয়াস আলীর স্ত্রী লুনা প্রশ্ন তোলেন, সরকার কি জিয়াউল আহসানকে নিয়ন্ত্রণ করতে পারছে না? জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে সংসদকে আশ্বস্ত করেন।

আইনমন্ত্রী বলেন, গত ১৬-১৭ বছরে দেশে সংঘটিত গুম-খুন এবং জুলাই গণঅভ্যুত্থানে প্রাণ হারানো, পঙ্গুত্ব বরণ করা, অঙ্গহানি ও দৃষ্টিশক্তি হারানো ব্যক্তিদের প্রতিটি ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার কাজ করবে।

সংসদের প্রশ্নোত্তর পর্ব শেষে পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে গত বৃহস্পতিবার জিয়াউল আহসানকে শুনানির জন্য আদালতে নেওয়ার বিষয়টি তুলে ধরেন লুনা। তিনি বলেন, সেদিন তাকে আদালতে নেওয়ার সময়ের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে জিয়াউল আহসানের অঙ্গভঙ্গি ও আচরণ দেখে মনে হয়েছে, তিনি যেন আনন্দভ্রমণে বের হয়েছেন। আর পুলিশ সদস্যদের দেখে মনে হয়েছে, তাঁরা তাঁর প্রটোকল দিতে যাচ্ছেন।

লুনা বলেন, একজন অভিযুক্ত ব্যক্তি হাতকড়া পরতে অস্বীকৃতি জানানোর পরও তাঁকে হাতকড়া ও ডান্ডাবেড়ি ছাড়া আদালতে নেওয়া হয়েছে। এতে তিনি ও তাঁর মতো ভুক্তভোগী পরিবারের সদস্যরা উদ্বিগ্ন ও আতঙ্কিত। সরকার তাঁকে নিয়ন্ত্রণ করতে পারছে কি না, সে বিষয়ে আইনমন্ত্রীর কাছে ব্যাখ্যা চান তিনি।

জবাবে আইনমন্ত্রী বলেন, বিষয়টি তাঁর নজরেও এসেছে। জিয়াউল আহসানকে আদালতে পৌঁছে দেওয়ার বিষয়টি সরাসরি তাঁর এখতিয়ারের মধ্যে না পড়লেও বিষয়টি জানার পর পরবর্তী সময়ে তাঁকে একজন কুখ্যাত অপরাধীকে যেভাবে নেওয়া প্রয়োজন, সেভাবেই নেওয়া হয়েছে। ভবিষ্যতে আদালত অঙ্গনে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলেও নিশ্চয়তা দেন তিনি।

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বাজার তদারকি

সংসদে তারকাচিহ্নিত প্রশ্নোত্তর পর্বে নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফার প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, চাল, ডাল, চিনি, পেঁয়াজ ও ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার।

তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য নিয়ন্ত্রণ ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত বাজার তদারকি এবং বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী আমদানি শুল্ক ও কর কমানোর পাশাপাশি আমদানি প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া পণ্যের উৎপাদন, আমদানি, মজুদ ও সরবরাহ পরিস্থিতিও নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

সরকারি খরচে মালয়েশিয়া যাচ্ছেন এক হাজার জুলাই যোদ্ধা

সরকারি খরচে মালয়েশিয়া যাচ্ছেন এক হাজার জুলাই যোদ্ধা

হাসিনার ভবিষ্যৎ নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ: যুক্তরাষ্ট্র

হাসিনার ভবিষ্যৎ নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ: যুক্তরাষ্ট্র

টুঙ্গিপাড়ায় যেসব নেতাকর্মীর বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়েছে

টুঙ্গিপাড়ায় যেসব নেতাকর্মীর বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়েছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App