সংকট দীর্ঘমেয়াদি, সরকারের ব্যবস্থা স্বল্পমেয়াদি : সিপিডি
প্রকাশ: ২৫ জুলাই ২০২২, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কাগজ প্রতিবেদক : সংকট দীর্ঘমেয়াদি। তাই সহজে সংকট থেকে মুক্তি মিলবে না। সরকারের বর্তমান ব্যবস্থাগুলো বেশির ভাগই স্বল্পমেয়াদি প্রকৃতির। কার্যকরী পদক্ষেপ খুঁজে বের করতে হবে। যার মধ্যে রয়েছে স্থিতিশীল বৈদেশিক মুদ্রার রিজার্ভ, মুদ্রাস্ফীতি ব্যবস্থাপনা, বর্ধিত রাজস্ব উৎপাদন, অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা, সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি বাড়ানো। মূল বিষয় হচ্ছে, সময়মতো প্রকল্প বাস্তবায়ন করা, সাশ্রয়ী মূল্যে গুণগতমান বজায় রেখে প্রকল্প বাস্তবায়ন করা, তৃতীয় হচ্ছে সর্বোচ্চ অর্থনৈতিক ও সামাজিকভাবে লাভবান হয় এবং অন্তর্ভুক্তিমুখী উন্নয়নে সহযোগিতা করে। সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) কার্যালয়ে গতকাল রবিবার আয়োজিত ‘সা¤প্রতিক অর্থনৈতিক চ্যালেঞ্জ : কতটা ঝুঁকিপূর্ণ?’ শীর্ষক
এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেমের সঞ্চালনায় অনুষ্ঠানে সামষ্টিক অর্থনীতি পরিস্থিতি নিয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম, ব্যাংকিং খাত নিয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ এবং বহিঃখাত নিয়ে আলোচনায় অংশ নেন সিপিডির সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান। এ ছাড়া জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার জ্বালানিবিষয়ক বিশেষ সহকারী ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ম. তামিম, ব্যবসার পরিবেশ নিয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, আর্থসামাজিক পরিস্থিতি নিয়ে পাওয়ার এন্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বক্তব্য রাখেন।
ফাহমিদা খাতুন বলেন, সংকট স্বল্পমেয়াদি প্রকৃতির নয়। সহজে সংকট থেকে মুক্তি মিলবে না। বাংলাদেশ মাঝারি মেয়াদির সংকটে রয়েছে। বর্তমান ব্যবস্থা অপ্রতুল। তাই স্বল্প ও মধ্যমেয়াদি উভয় ধরনের ব্যবস্থা হওয়া উচিত। তিনি বলেন, সংকট সহজ হতে পারে, যদি স্বল্প থেকে মাঝারি মেয়াদের পরিকল্পনা নেয়া যায়। সরকারের বর্তমান ব্যবস্থাগুলো বেশির ভাগই স্বল্পমেয়াদি প্রকৃতির। বর্তমানে মধ্যমেয়াদে ‘ম্যাক্রো’ স্থিতিশীলতাকে অগ্রাধিকার দেয়া উচিত। কঠোর ব্যবস্থার কার্যকরী উপকরণ খুঁজে বের করতে হবে, যা ম্যাক্রো স্থিতিশীলতা নিশ্চিত করতে সক্ষম হবে। তিনি বলেন, বিশ্বব্যাপী মাঝারি মেয়াদের জ্বালানি সংকট রয়েছে। এটি অব্যাহত থাকতে পারে অনেক দিন।
ফাহমিদা বলেন, বিদ্যুৎ ব্যবস্থাপনায় আমাদের শুধুমাত্র আমদানি করা এলএনজির ওপর নির্ভর করা কঠিন হবে। অভ্যন্তরীণ শিল্প ও বিদ্যুৎ খাতের জন্য নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করা খুবই জরুরি। অবিলম্বে পুরনো গ্যাস অনুসন্ধান সাইটগুলোতে গ্যাস অনুসন্ধানের ব্যবস্থা প্রয়োজন। সরকারকে উপলব্ধি করা উচিত যে নবায়ণযোগ্য শক্তি বর্তমান জীবাশ্ম-জ্বালানিভিত্তিক শক্তি সংকটে শক্তি বৈচিত্র্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। অস্বাভাবিক খাদ্য মুদ্রাস্ফীতির প্রসঙ্গ তুলে ধরে সিপিডি বলছে, সরকার ৭ দশমিক ৫৬ শতাংশ মুদ্রাস্ফীতির কথা বলছে। বাস্তবে মুদ্রাস্ফীতির হার অনেক বেশি। বিশেষ করে খাদ্যের মূল্যস্ফীতি বেড়েই চলেছে। খাদ্য মূল্যস্ফীতির হার প্রকাশিত সামগ্রিক মুদ্রাস্ফীতি হারের তুলনায় অনেক বেশি। নিত্যপ্রয়োজনীয় এমন অনেক খাদ্যপণ্য রয়েছে যার দাম বৃদ্ধি ৫০ শতাংশের বেশি। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি নি¤œ আয়ের মানুষের ওপর আরো বিরূপ প্রভাব ফেলেছে।
আলোচক হিসেবে মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, ডায়াগনোসাইস করা অপেক্ষাকৃত সহজ, কিন্তু প্রেসক্রিপশন দেয়াটা কঠিন। প্রেসক্রিপশন দেয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে একটি সূচকের উপরে ইতিবাচক প্রভাব পড়বে এমন পদক্ষেপ নিলে অন্য সূচকগুলোর উপরে নেতিবাচক প্রভাব পড়বে। কাজেই যারা নীতিনির্ধারক, তাদের এ বিষয়ে সচেতন থাকতে হবে। তিনি বলেন, বেসরকারি খাতের বিনিয়োগ ব্যাংকনির্ভরশীল। ব্যাংক ঋণে ব্যাংকের সুদের হার বেঁধে দেয়া কতটা যৌক্তিক তা দেখার বিষয়। রেমিট্যান্স এর ক্ষেত্রে ২০২১-২২ অর্থবছরে গ্রোথ হয়েছে মাইনাস ১৫ দশমিক ১২ শতাংশ। এজন্য রেমিট্যান্স বাড়াতে হবে। এটা শুধু আড়াই শতাংশ প্রণোদনা দিলেই হবে না। কারণ এতে কোনো রকম কার্যকর হয়নি। রেমিট্যান্স বাড়াতে মার্কেট বিস্তৃত করতে হবে এবং অভিজ্ঞতাসম্পন্ন লোক পাঠাতে হবে। তিনি বলেন, আমদানি টাকার অঙ্কে অনেক বেড়েছে, এর মধ্যে আন্তর্জাতিক বাজারের ঊর্ধ্বমুখীর ফলে দাম বেড়েছে, কিন্তু সে হিসাবে পরিমাণ বাড়েনি। এর মধ্যে কতটুকু সঠিকভাবে আমদানি হয়েছে, সে বিষয়ে দেখার দরকার আছে।
ব্যাংকিং খাত নিয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন, সমস্যাগুলো চিহ্নিত, এগুলো সমাধান হয়নি। এর মধ্যে নতুন করে যুক্ত হয়েছে বৈশ্বিক সমস্যা। দেশে সামষ্টিক অর্থনীতির যে খারাপ অবস্থা তা হয়তো কাটিয়ে ওঠা যাবে, কিন্তু মেট্রো লেবেলে বা মধ্যবর্তী পর্যায়ে যেমন- বাজার, ব্যাংক, রেগুলেটরি সংস্থাগুলোর দুর্বলতা, কর্মদক্ষতা সম্পর্কে প্রশ্ন আছে? মাইক্রো লেবেলে দেখা যায়- স্থানীয় সরকার বলে কিছু নেই, জনগণের কোনো অংশগ্রহণ নেই। অর্থাৎ উপরের দিক ঠিক করা হলো, কিন্তু ভেতরে নড়বড়ে হলে কোনোভাবেই সমস্যা স্থায়ীভাবে কাটিয়ে ওঠা সম্ভব হবে না। শ্রীলঙ্কার সামষ্টিক অর্থনীতিতে সমস্যা, কিন্তু তাদের অন্যান্য লেবেলের অবস্থা অত্যন্ত ভালো।
মোস্তাফিজুর রহমান বলেন, গত পাঁচ-ছয় বছর ধরে আমরা বলছি আমাদের আমদানি, রেমিট্যান্সের সক্ষমতা কমে যাচ্ছে। টাকাকে যদি ক্রমান্বয়ে অবমূল্যায়িত করি তবে একটি ভারসাম্য হবে। কিন্তু আমরা সেটা করিনি। এখন খুবই কম সময়ের মধ্যে আমাদের এটা ১০ শতাংশ অবমূল্যায়িত করতে হবে। এটা সামষ্টিক অর্থনীতির সঙ্গে জড়িত। গ্রাজুয়েলি করলে আজ এমন সমস্যা হতো না। এখন আন্তর্জাতিক বাজারে ২০ শতাংশ দাম বাড়লে এ অবমূল্যায়নের ফলে আমাদের স্থানীয় বাজারে ৩৩ শতাংশ দাম হচ্ছে। তাহলে আমদানিকৃত মূল্যস্ফীতির চাপ কীভাবে বাড়ছে, তা এ চিত্র থেকে বোঝা যায়।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার জ্বালানিবিষয়ক বিশেষ সহকারী ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ম. তামিম বলেন, সরকার বিদ্যুতের প্রাথমিক জ্বালানির জোগান দিতে না পারায় এ সমস্যা হয়েছে। দ্রুতগতিতে বিদ্যুৎ আনার জন্য এক সময় তেলভিত্তিক কেন্দ্র স্থাপনের প্রয়োজন ছিল। তবে সেটাকে তিন বা পাঁচ বছর পর্যন্ত রাখার পরামর্শ ছিল। কিন্তু সেটা না করে এখন পর্যন্ত চালিয়ে নেয়া হচ্ছে। ফলে তেলের ওপর নির্ভরতা অনেক বেড়েছে। আর তেলের ওপর এই নির্ভরতার কারণেই বর্তমান সমস্যা তৈরি হয়েছে। ম. তামিম বলেন, দেশে যখন কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র শুরু হয়, তখন কয়লা ও তেল আমদানি সঠিক সিদ্ধান্ত ছিল। একই সময়ে উচিত ছিল নিজেদের গ্যাসের জন্য অনুসন্ধান চালানো। সেটি হয়নি। পরবর্তীকালে যেসব উদ্যোগ নেয়া হচ্ছে, তা-ও অনেক দেরি করে নেয়া হয়েছে। ২০০০ সালের পর থেকে গ্যাস অনুসন্ধানের রাজনৈতিক সাহস কোনো সরকারই নিতে পারেনি। বর্তমানে দেশে নিজস্ব বিদ্যুৎ উৎপাদন মারাত্মক ঝুঁকির মধ্যে আছে উল্লেখ করে ম. তামিম বলেন, দেশে যেকোনো সময়ে উৎপাদন কমে যেতে পারে। আন্তর্জাতিকভাবে গ্যাস ও তেল আমদানি নিয়ে সংকট তৈরি হতে পারে। তিনি বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের আগে থেকেই আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বেশি ছিল। যুদ্ধের কারণে দাম আরো বেড়েছে।
তিনি আরো বলেন, ইউরোপ এখন রাশিয়ার ওপর থেকে গ্যাসনির্ভরতা কমাচ্ছে। এ জন্য সারা বিশ্বে যত জায়গায় যত গ্যাস আছে, তা নিতে ইউরোপ হাত বাড়াবে। সে জন্য আমাদের নতুন করে ভাবতে হবে। কারণ, আমরা তাদের সঙ্গে প্রতিযোগিতা করে পারব কিনা। পাশাপাশি কয়লার ওপর নির্ভরতা অব্যাহত রাখাটা ভালো সিদ্ধান্ত হতে পারে। আরেকটি আশা হচ্ছে, নবায়ণযোগ্য জ্বালানি। এটা বাড়ানোর চেষ্টা করতে হবে। সার্বিকভাবে সাশ্রয় ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আমাদের চাহিদা কমিয়ে আনতে পারি।
