ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১২:৩৮ পিএম
ছবি : সংগৃহীত
ইতালির রাজধানী রোমে দুষ্কৃতকারীর ছুরিকাঘাতে একই পরিবারের তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন পরিবারের আরো এক সদস্য। শুক্রবার (২৭ জুন) স্থানীয় সময় রাত ৯টার দিকে রোমের পশ্চিমাঞ্চলের পিনেতা সাচেত্তি সংলগ্ন ভিয়া মন্তিগ্লো এলাকার একটি আবাসিক অ্যাপার্টমেন্টে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে পরিবারের প্রধান কামাল হোসেনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার গ্রামের বাড়ি বাংলাদেশের নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জে। দীর্ঘদিন ধরে তিনি সপরিবারে ইতালিতে বসবাস করছিলেন।
নিহত অন্য দুইজন হলেন কামাল হোসেনের স্ত্রী এবং তাদের পাঁচ বছর বয়সী কন্যাসন্তান। হামলায় গুরুতর আহত হয়েছেন কামাল হোসেনের ১৮ বছর বয়সী বড় ছেলে। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শুক্রবার রাতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে ওই ফ্ল্যাটে প্রবেশ করে পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। হামলাকারীর ছুরিকাঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান কামাল হোসেন, তার স্ত্রী এবং কন্যা।
আরো পড়ুন : ইতালিতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
এ সময় হামলাকারীকে বাধা দেওয়ার চেষ্টা করলে কামালের বড় ছেলেকেও ছুরিকাঘাত করা হয়। আহত অবস্থায় সে ফ্ল্যাট থেকে বের হয়ে সাহায্য চাইলে প্রতিবেশীরা পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ, অ্যাম্বুলেন্স ও ইতালির বিশেষ পুলিশ বাহিনী কারাবিনিয়েরির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেন। রক্তাক্ত অবস্থায় উদ্ধার হওয়া বড় ছেলেকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করে অভিযান শুরু করেছে রোম পুলিশ। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং হামলাকারীকে গ্রেপ্তারে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে। চিকিৎসকদের বরাত দিয়ে ইতালীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আহত ছেলেটি বর্তমানে আশঙ্কামুক্ত এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল।
ইতালীয় পুলিশের বিশেষ তদন্ত ইউনিট এবং ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, ডাকাতি নাকি ব্যক্তিগত শত্রুতার জেরে ঘটেছে—সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলাকারীকে শনাক্তের চেষ্টা চলছে।
স্থানীয় বাংলাদেশি কমিউনিটি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত ঘাতককে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
রোম পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক ও লোমহর্ষক অপরাধ। অপরাধীকে গ্রেপ্তারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চালানো হচ্ছে।
ইতালীয় আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তদন্তের স্বার্থে নিহতদের পরিচয় ও মামলার বিস্তারিত তথ্য এখনই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হচ্ছে না। তদন্তে অগ্রগতি হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
