মাদকাসক্ত বন্ধুর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
কাগজ প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৫:২৯ পিএম
ছবি : ভোরের কাগজ
চাঁপাইনবাবগঞ্জ শহরের হাসপাতাল সড়কের আমবাজার এলাকায় বন্ধুর ছুরিকাঘাতে মো. রজব (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) দুপুর প্রায় ১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রজব শহরের মসজিদপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক জানান, নিহত রজব, একই মহল্লার মো. মেহেদী (২৪) ও মো. জিসান পরস্পরের বন্ধু। পূর্ববিরোধের জেরে বুধবার দুপুরে জিসান রজবের বুকের ডান পাশে ছুরিকাঘাত করে। এ সময় মেহেদী রজবের শার্টের কলার ধরে রেখেছিল বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত দুই যুবকই ঘটনার সময় মাদকাসক্ত অবস্থায় ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তাদের মধ্যে বিরোধের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।
ছুরিকাঘাতে গুরুতর আহত রজবকে স্থানীয়রা উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
