পুলিশকে ব্যঙ্গ করে এআই ছবি ছড়িয়ে ভাইরাল, কিশোর আটক
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৯:৩৫ পিএম
ছবি: সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) চেয়ারে বসে টেবিলের ওপর পা তুলে রাখা এবং পুলিশ সদস্যদের জোড় হাতে দাঁড়িয়ে থাকার একটি কৃত্রিম (এআই-জেনারেটেড) ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ।
আটক কিশোরের বাড়ি (১৫) উপজেলার ফতেপুর গ্রামে। সে মহিপুর এস এম উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। মঙ্গলবার দুপুরে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকমল চন্দ্র দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা যায়, নাচোল থানার ওসির নেমপ্লেট ও লোগো-সংবলিত একটি কক্ষে এক কিশোর ওসির চেয়ারে বসে টেবিলের ওপর দুই পা তুলে দিয়েছে। আর তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বেশ কয়েকজন পুলিশ সদস্য জোড় হাতে তার সামনে মিনতি করছেন।
ছবিটি ‘চাঁপাইয়ের ছেলে’ নামের একটি ফেসবুক পেজ থেকে পোস্ট করার পর মুহূর্তের মধ্যে ভাইরাল হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি এই বিতর্কিত ছবিটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় সচেতন মহলে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি পুলিশের নজরে আসার পর অভিযান চালিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্ত পারভেজকে আটক করা হয়।
এ বিষয়ে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকমল চন্দ্র দেবনাথ বলেন, থানায় এ ধরনের কোনো চেয়ার বা পরিবেশ নেই। ছবিটি সম্পূর্ণ কৃত্রিমভাবে (এআই দিয়ে) তৈরি করা হয়েছে। পুলিশ প্রশাসনকে এভাবে ব্যঙ্গ করে ছবি তৈরি ও প্রচার করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্তকে আটক করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
