বান্দাইখাড়া সেতুর পাশে ধস, দুর্ঘটনার আশঙ্কা
মো. আব্দুল মজিদ মল্লিক, আত্রাই (নওগাঁ)
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৯:৩২ পিএম
ছবি : সংগৃহীত
নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া বয়তুল্ল্যাহ সেতুর উত্তর-পশ্চিম পাশে এপ্রোচ সড়কের একটি বড় অংশ ধসে পড়েছে। এতে গুরুত্বপূর্ণ এই সড়কটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয়দের আশঙ্কা, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। পাশাপাশি নতুন করে ধস দেখা দিলে চার উপজেলার সঙ্গে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়ারও শঙ্কা রয়েছে।
উল্লেখ্য, বয়তুল্ল্যাহ সেতুর উত্তর অংশ রাণীনগর উপজেলার সীমানায় এবং দক্ষিণ অংশ আত্রাই উপজেলার সীমানার অন্তর্গত।
এই সেতু ও সড়ক দিয়ে প্রতিদিন আত্রাই, রাণীনগর, মান্দা এবং পার্শ্ববর্তী রাজশাহী জেলার বাগমারা (ভবানীগঞ্জ) উপজেলার হাজার হাজার মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। গুরুত্বপূর্ণ এই সংযোগ সড়কের এমন বেহাল অবস্থায় চার উপজেলার লাখো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
সরেজমিনে দেখা যায়, সেতুর ঠিক উত্তর পাশে (রাণীনগর অংশে) রাস্তার নিচের মাটি সরে গিয়ে বড় ধরনের ধসের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে কার্পেটিংয়ের একটি অংশ ভেঙে পড়েছে। ফলে সড়কটি এতটাই সরু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে যে, ভারী ও হালকা যানবাহনের পাশাপাশি পথচারীদের চলাচলেও আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়দের দাবি, দ্রুত ধস মেরামতের উদ্যোগ না নেওয়া হলে পুরো সড়কটি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। এতে চার উপজেলার যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক এবং আত্রাই উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন তরফদার বলেন, বান্দাইখাড়া বয়তুল্ল্যাহ সেতু এলাকার অর্থনৈতিক ও সামাজিক যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। প্রতিদিন হাজার হাজার মানুষ ও শিক্ষার্থী এই সড়ক ব্যবহার করেন। সেতুর উত্তর পাশের ধস এখন সাধারণ মানুষের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তিনি দ্রুত ধস সংস্কার করে সড়কটি চলাচলের উপযোগী করার দাবি জানান।
এ বিষয়ে রাণীনগর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জানান, বান্দাইখাড়া বয়তুল্ল্যাহ সেতুর পাশের সড়ক ধসে যাওয়ার বিষয়টি তাদের নজরে এসেছে। পানির প্রবল স্রোত বা অন্য কোনো কারণে নিচের মাটি সরে গিয়ে এ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের পর প্রয়োজনীয় সংস্কারকাজ শুরু করা হবে।
রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান বলেন, বান্দাইখাড়া সেতুর পাশের সড়ক ধসে পড়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। যেহেতু এই সড়ক দিয়ে একাধিক উপজেলার মানুষ যাতায়াত করেন, তাই জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং যোগাযোগ সচল রাখা প্রশাসনের প্রধান অগ্রাধিকার। তিনি জানান, উপজেলা প্রকৌশলীকে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জনদুর্ভোগ ও দুর্ঘটনা এড়াতে দ্রুতই সেখানে সংস্কারকাজ শুরু হবে।
